মহামারীতে ক্ষতিগ্রস্তদের প্রান্তিকদের ঋণ দিতে এসআইবিএলের ৫ কোটি টাকা
করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণের জন্য ৫ কোটি টাকা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
বুধবার বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম-২০২০ এর আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের হাতে সম্প্রতি ৫ কোটি টাকা বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।”
চেক হস্তান্তরকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, “এই স্কিমের মাধ্যমে নোয়াখালী অঞ্চলের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীগণ উপকৃত হবেন।”
