স্যামসাং স্মার্ট টিভি মিলবে ইভ্যালিতে
অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে এখন থেকে স্যামসাংয়ের স্মার্ট টিভি পাওয়া যাবে।
সম্প্রতি ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়ে স্যামসাং বাংলাদেশের এজেন্ট ফেয়ার ইলেক্ট্রনিক্স ও ইভ্যালির মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্স এর প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন বলে ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এতে বলা হয়, ইভ্যালি প্রাথমিকভাবে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিক্রি করবে। বেসিক ও স্মার্ট; দুই ধরনের সংস্করণই পাওয়া যাবে ইভ্যালিতে। পরবর্তীতে ফোর-কে রেজুলেশনের ক্রিস্টাল আলট্রা এইচডি টিভি এবং কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভিও পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে।
টিভিগুলোতে থাকছে ১৩৬৬ * ৭৬৮ পিক্সেলের হাই ডেফিনিশন (এইচডি) ডিসপ্লে এবং ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড। ডিজিটাল কানেকটিভির জন্য থাকছে দুইটি এইচডিএমআই এবং একটি করে ইউএসবি পোর্ট। ওয়াইড কালার এনহেঞ্চার এবং পার কালার প্রযুক্তির মাধ্যমে ডিসপ্লেতে সঠিক রঙ এর দৃশ্যপট উপভোগ করতে পারবেন দর্শকেরা।
ফেয়ার ইলেকট্রনিক্স এর প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, “টিভির নানাবিধ ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। করোনার এই সময় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এখন মানুষ বাসায় থেকে অনলাইনে একজন পেশাজীবী দাপ্তরিক কাজ করছেন; একজন শিক্ষার্থী ক্লাস করছেন। এই সবকিছু এখন টিভিতে করা সম্ভব। এর জন্য দরকার একটি আধুনিক প্রযুক্তির স্মার্ট টিভি। আর এই সমাধানটি আমরা ইভ্যালির মাধ্যমে স্থানীয় গ্রাহকদের দিতে চাই।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, স্যামসাং বিশ্বের অন্যতম সেরা এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ১৪ বছর ধরে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। ইভ্যালির ৪০ লাখেরও বেশি গ্রাহকের এই বৃহৎ প্ল্যাটফর্মে গ্রাহকরা সহজে এবং আকর্ষনীয় মূল্যে স্যামসাং স্মার্ট টিভি কিনতে পারবে।
