২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে আহ্বান ডিসিসিআই সভাপতির

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের্ প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 07:50 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন দেখা করতে গেলে তাকে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

শামস মাহমুদ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বার ও ভিয়েতনামের দূতাবাসের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব করেন।

এছাড়া বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারে ভিয়েতনামের একটি হেল্প ডেস্ক স্থাপনেরও প্রস্তাবও দেন তিনি।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের পর্যটন, বস্ত্র, সমুদ্র অর্থনীতি, কন্সট্রাকশন, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও চামড়াজাত পণ্য খাতে ভিয়েতনামের উদ্যোক্তারা একক এবং যৌথভাবে বিনিয়োগ করতে পারে।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে এখনও ভিয়েতনাম এগিয়ে রয়েছে।

২০১৯-২০২০ অর্থবছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪২ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশ ভিয়েতনামে রপ্তানি করেছে ৪৮ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, আমদানি করেছে ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, “দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যকার যোগাযোগ বাড়ানো ও ম্যাচ-মেকিং সেশনের আয়োজন করা, বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ, বাণিজ্য মেলা আয়োজন এবং বিজনেস নো-হাউ বাড়াতে হবে।”

ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাত অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব আফসারুল আরিফিন এবং সচিব মো. জয়নাল আবদীন উপস্থিত ছিলেন।