২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর ছয় মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৪৮%

করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি বছর মার্চ-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ দশমিক ৯৪ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 08:38 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাব পর্যালোচনা করে এই চিত্র উঠে এসেছে।

সোমবার প্রকাশিত বিটিআরসি প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজারে।

বাংলাদেশে মহামারী শুরু হওয়ার সময় মার্চ মাসের শেষে দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।

এ হিসাবে গত ছয় মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭৮ লাখ ৮১ হাজার।

আর গত বছর মার্চে ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৩১ লাখ ২ হাজার, যা গত বছর সেপ্টেম্বরে বেড়ে ৯ কোটি ৮৪ লাখ ২৯ হাজারে উন্নীত হয়।

অর্থাৎ ২০১৯ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে নতুন ইন্টারনেট গ্রাহক হয়েছিল ৫৩ লাখ ২৭ হাজার।

সে হিসেবে গত বছরের এই সময়ে চেয়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ২৫ লাখ ৫৪ হাজার বা ৪৭ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।

মহামারীর জন্য লকডাউন শুরু হওয়ার পর বাসাবাড়িতে ইন্টারনেট ডেটা ব্যবহারের পাশাপাশি বাড়তে থাকে ইন্টারনেট গ্রাহক।

মহামারীর ছয় মাসে নতুন ৭৮ লাখ ৮১ হাজার গ্রাহকের মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক রয়েছেন ১০ কোটি ২৪ লাখ এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ৮৬ লাখ ৫৬ হাজার।

গত বছর সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৯ কোটি ৮৪ লাখ ২৯ হাজার। এ হিসাবে গত এক বছরে ইন্টারনেট গ্রাহক বেড়েছে এক কোটি ২৭ লাখের বেশি।

বিটিআরসি হিসাবে গত এক বছরে মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় এক কোটি, ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে ৩০ লাখের বেশি।

এর আগের বছর ২০১৮ সালে ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ১১ লাখ ৯৪ হাজার। ২০১৮ থেকে ২০১৯ সালে এক বছরে ইন্টারনেট গ্রাহক বেড়েছিল প্রায় ৭৪ লাখ, যা চলতি বছরের ৬ মাসের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধির সমান। 

চলতি বছর সেপ্টেম্বর শেষ নাগাদ মোবাইল গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার, রবির গ্রাহক ৫ কোটি এক লাখ ২৬ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার এবং টেলিটকের গ্রাহক ৪৬ লাখ ১২ হাজার।

মহামারীর শুরুতে অর্থাৎ মার্চের শেষের দিকে ছুটির শুরুতে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার।

গত বছর সেপ্টেম্বর শেষে মোবাইল গ্রাহক ছিল ১৬ কোটি ৩৪ লাখ ১৫ হাজার। এ হিসাবে গত এক বছরে মোবাইল সংযোগ বেড়েছে ৩৬ লাখের বেশি।

তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহামারীকালে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বৃদ্ধির হার স্বাভাবিক সময়ের চেয়ে ‘একটু বেশি’।

“মহামারীকালে অনেকেই কাজই কেনাকাটা থেকে শুরু করে ক্লাস, মিটিং সবই অনলাইনে করতে হচ্ছে। ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিতে মূলত পরিস্থিতিই বাধ্য করেছে।”