এডিবির ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড’ পেয়েছে সিটি ব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পেয়েছে সিটি ব্যাংক।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইনান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) অধীনে সর্বোচ্চ সংখ্যক লেনদেন নিশ্চিত করায় সিটি ব্যাংক এই পুরস্কার অর্জন করেছে।
সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করা হয়।
বিশ্বব্যাপী এডিবির ২০০ ব্যাংকের প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন এই আয়োজনে।
বাংলাদেশে ২০১৯ সালের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত এডিবির কর্মসূচিতে সিটি ব্যাংক ভূমিকা রেখেছে। এই সময়ের মধ্যে ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসার পাশাপাশি ট্রেড অর্থায়নে ‘বাংলাদেশের সবচেয়ে সক্রিয়’ ব্যাংক হিসেবে এডিবির পর্যবেক্ষণে স্থান পেয়েছে সিটি ব্যাংক। গত বছরও এডিবির অংশীদারিত্ব কর্মসূচিতে লেনদেনে সর্বোচ্চ প্রবৃদ্ধি নিয়ে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ পেয়েছিল সিটি ব্যাংক।
এডিবির ‘ট্রেড এন্ড সাপ্লাই চেইন অর্থায়ন’ কর্মসূচির মাধ্যমে সিটি ব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে পেরেছে এবং অর্থায়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করছে। সার্বিকভাবে এই কার্যক্রম অবিরত অর্থায়নের ক্ষেত্রে সিটি ব্যাংকের সক্ষমতা বাড়িয়েছে।
এডিবির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ, ডেভেলপমেন্ট ব্যাংক অব অস্ট্রিয়া, নরওয়ে ভিত্তিক নরফান্ড, নেদারল্যান্ডসের এফএমওসহ বিশ্বের উল্লেখযোগ্য আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক। এই শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার সংযোগের মাধ্যমে যেকোনো ধরনের বড় অর্থায়ন এবং লেনদেনে এগিয়ে আছে ব্যাংকটি।
এশিয়া অঞ্চলের রপ্তানি বাণিজ্যের উন্নয়নে বিশ্বের ২০০টি ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে টিএসসিএফপি কর্মসূচি বাস্তবায়ন করছে এডিবি।
