তরুণদের দক্ষতা উন্নয়নে জিপি এক্সপ্লোরার
বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে গ্রামীণফোন শুরু করেছে জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্ম।
গ্রামীণফোন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ‘জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্ম’ নামের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
‘জিপি এক্সপ্লোরার’ একটি তিন মাসব্যাপী অনলাইন প্রোগ্রাম যেখানে বাছাইকৃত কিছু বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের জন্য নেওয়া হয়েছে।
নির্বাচিত তরুণরা তিন মাস ‘কোহর্ট-১’ নামক কর্মসূচির আওতায় আঞ্চলিক ও বৈশ্বিক নলেজ পার্টনারদের সাথে কাজ করার সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রশিক্ষণ উপকরণের ব্যবহারের সুযোগ পাবেন। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন করা।
এ বিষয়ে রোববার ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “কোভিড-১৯ এর ফলে পরিবর্তনশীল এই নতুন বিশ্বের পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে আমাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে।
“তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে গ্রামীণফোনের এই উদ্যোগ, জিপি এক্সপ্লোরার নিয়ে আমরা আনন্দিত। এই উদ্যোগটি তরুণদেরকে বাংলাদেশের নতুন ডিজিটাল যুগে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন বলেন, “আমরা তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ফলে, তরুণরা দক্ষ মানবসম্পদে পরিণত হচ্ছেন। তরুণদের উন্নয়নে গ্রামীণফোন সক্রিয়ভাবে এগিয়ে আসছে, যা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।”
সাবেক মুখ্য সচিব ও প্রিন্সিপাল কো-অর্ডিনেটর, এসডিজি আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশের ইতিবাচক অগ্রগতিতে উৎপাদনশীলতা প্রধান ভূমিকা রাখছে। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন খাতে এআই প্রযুক্তির ব্যবহার জরুরি।”
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও সুযোগগুলো সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই নতুন প্রযুক্তি ও সে সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির প্রতি মনোনিবেশ করা প্রয়োজন।
“আমাদের বর্তমান এবং বিকাশমান দক্ষতার মধ্যকার ব্যবধান হ্রাস করার জন্য পরিবর্তনশীল ব্যবসা পরিচালনার ধরণ এবং কর্মসংস্থানের নতুন দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে চলতে হবে। জিপি এক্সপ্লোরার তরুণদের দক্ষতা উন্নয়নের প্রথম পদক্ষেপ মাত্র যার মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক দক্ষ কর্মী চাহিদার সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা সম্ভব হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ইনোভেশনের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলো তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন অভিনব সেবা তৈরি করতে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস খায়রুল বাশার এবং জিপি এক্সপ্লোরার সম্পর্কিত উপস্থাপনা করেন গ্রামীণফোনের হেড অফ ইনোভেশন ফারহানা ইসলাম।
