২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট পণ্যের তালিকায় শিকারী পোশাক

রপ্তানীমুখী পাটজাত পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে বন-জঙ্গলের ছাপ দেওয়া শিকারী পোশাক ‘ক্যামোফ্লেজ বার্লাপ’।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 09:10 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

দেশীয় শিল্পের সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পণ্যটিকে যুক্ত করে ২৮২টি পাটজাত পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার।  

সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব (পাট-২ শাখা) শিরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

শিরীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দুই বছর আগে প্রণীত তালিকাতে ২৮১টি পাটপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার ক্যামোফ্লেজ বার্লাপকে অন্তর্ভুক্ত করে ২৮২টি পণ্যের তালিকা প্রণয়ন করা হল।”

রপ্তানিমুখী পাটজাত পণ্যে বৈচিত্র্য এনে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে জুট ডাইভারসিফেকশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধানে পাট পণ্যের তালিকা প্রণয়নে একটি কমিটি রয়েছে। তারা সময় সময় সেই তালিকা হালনগাদের সুপারিশ করেন। মন্ত্রণালয় তা অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করে।

নতুন পণ্যটির বিষয়ে জানতে চাইলে জেডিপিসির পরিচালক (বাজার গবেষণা ও উন্নয়ন) সীমা বোস অধরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যামোফ্লেজ বার্লাপ মূলত এমন একটি পোশাক, যা হান্টিং ও মরুভূমিতেই বেশি ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে ইন্টেরিয়রের কাজেও ব্যবহৃত হতে দেখি।

“এ পণ্যটিকেই এবার আমাদের পাট পণ্যের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হল।”

২০১৭ সালের পাট আইন অনুযায়ী, হেসিয়ান, সেকিং, সিবিসি ও ছয় কাউন্ট ও তার চেয়ে বেশি পাট সূতা ছাড়া যেসব পণ্য তৈরিতে পাট বা পাটজাত দ্রব্য ব্যবহারের আধিক্য ন্যূনতম পঞ্চাশ ভাগ থাতে সেগুলো ‘বহুমুখী পাটজাত পণ্য’ হিসেবে ধরা হয়।

বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোশাকের পরই পাট ও পাটজাত পণ্য রপ্তানি খাত জায়গা করে নিয়েছে। সম্প্রতি সংকটাপন্ন চামড়া খাত রপ্তানিতে পিঠিয়ে পড়ায় পাটখাত চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করেছে।

পাট ও পাটজাত পণ্যের রপ্তানির পালেও বইছে সুবাতাস। করোনাভাইরাস মহামারীর মধ্যেও বেড়েই চলেছে এই খাতের রপ্তানি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার আয় করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ২৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এসেছে ১২ শতাংশের মতো।

গত অর্থবছরে ৮৮ কোটি ২৩ লাখ ডলারে পণ্য রপ্তানি করে সঙ্কটে পড়া চামড়া খাতকে (৭৯ কোটি ৭৬ লাখ ডলার) পেছনে ফেলে তৈরি পোশাকের পরের স্থান দখল করে নেয় পাট খাত। চলতি অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে।

জেডিপিসির মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বহুমুখী পাটজাত পণ্যের প্রায় ৭০০ উদ্যোক্তা দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন, যার অধিকাংশই রপ্তানি করা হচ্ছে।

বহুমুখী পাটজাত পণ্যকে দেশে জনপ্রিয় করতে প্রচার প্রচারণাসহ দেশে-বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে।