২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক বাণিজ্যের নীতি সহায়তার সময়সীমা বাড়ল

করোনাভাইরাস মহামারীর ক্ষতি সামলে উঠতে অভ্যন্তরীণভাবে দেওয়া নানা সুযোগ-সুবিধার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে দেওয়া নীতি সহায়তার সময়সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 11:45 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

আগের নির্দেশনায় দেওয়া সব ধরনের সুবিধার মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়েছে।

৩০ সেপ্টেম্বর এ সব সুবিধা পাওয়ার শেষ দিন ছিল। এখন তা বাড়িয়ে ২০২১ সালে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। সেইসঙ্গে নতুন কিছু শিথিলতা আনা হয়েছে।

মঙ্গলবার আলাদা কয়েকটি সার্কুলার জারি করে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এক সার্কুলারে বিদেশি সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে দায় পরিশোধের ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

আরেক সার্কুলারে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক এলসি’র (ঋণপত্র) আওতায় ব্যাংলাদেশ ব্যাংকের এফসি ক্লিয়ারিং হিসাবের মাধ্যমে মূল্য নিষ্পত্তির নির্দেশনা শিথিল করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের 'নস্ট্রো' হিসাবের মাধ্যমে সম্পাদনের সুবিধা দেওয়া হয়েছে।

বিদেশি সরবরাহকারীর কাছ থেকে বাকিতে পণ্য আমদানি কিংবা সরবরাহকারীর ঠিক করে দেওয়া ঋণের বিপরীতে পণ্য আমদানিকে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট বোঝায়। সর্বোচ্চ ৬ শতাংশ সুদে স্বল্প সময়ের জন্য এ ধরনের ঋণের বিপরীতে পণ্য আমদানি করা যায়।

সরবরাহকারী যেহেতু সুদ পান সে কারণে এ ধরনের ঋণে আগ্রহী থাকেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে নানা শর্ত রয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে নীতি সহায়তা দেওয়া হয়। শুরুতে এসব নীতি সহায়তার সময়সীমা নির্ধারণ করা হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার এসব নীতি সহায়তার মেয়াদ বাড়ানো হয়েছে।

এক সার্কুলারের মাধ্যমে আগে দেওয়া ছয়টি নীতি সহায়তার মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনাভাইরাস সঙ্কটে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসাসামগ্রী আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এক লাখের পরিবর্তে ৫ লাখ ডলার অগ্রিম পাঠানোর সুযোগ দেওয়া হয়।

আরেক নির্দেশনার মাধ্যমে শিল্পে ব্যবহার্য কাঁচামাল, কৃষি উপকরণাদি ও রাসায়নিক সার আমদানির দেনা পরিশোধের সময় ১৮০ দিন থেকে ৩৬০ দিন করা হয়।

আরেকটি সার্কুলারের মাধ্যমে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির সময় ৯০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়। এছাড়া ব্যাক টু ব্যক এলসির বিপরীতে দেনা পরিশোধের শর্ত শিথিলের সময়সীমাও বাড়ানো হয়। রপ্তানির অর্থ পাওয়া সাপেক্ষে ব্যাক টু ব্যাক এলসির দেনা পরিশোধ করা যাচ্ছে। আগে যেখানে রপ্তানি আদেশ বাতিল হলেও ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে দেনা পরিশোধ করতে হত।

আরেক সার্কুলারের মাধ্যমে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেপ্টেম্বরের পরিবর্তে এসব সুবিধার মেয়াদও বাড়িয়ে ২০২১ সালের মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে এক নির্দেশনায় রপ্তানির অর্থ দেশে আনার সর্বোচ্চ সময়সীমা ১২০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন এবং দেনা পরিশোধের পর আমদানি পণ্য দেশের আনার সময়সীমাও বাড়িয়ে ১৮০ দিন করার মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

এছাড়া স্বল্পমেয়াদী বিদেশি ঋণ পরিশোধের সময়সীমা আগের চেয়ে ১৮০ দিন বাড়ানো হয়। নির্ধারিত সময়ে কেউ রপ্তানির অর্থ দেশে আনতে ব্যর্থ হলে কিংবা দায় পরিশোধের পর আমদানি পণ্য না আনলে ব্যাংকিং সুবিধা, ভর্তুকী পাওয়াসহ নানা সমস্যার সম্মুখীন হন।

বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি গত ২৮ সেপ্টেম্বর এক সার্কুলারের মাধ্যমে কেউ কিস্তি না দিলেও খেলাপি না করার সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবে না।

মহামারীর কারণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঋণ শ্রেণিকরণে স্থগিতাদেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কোভিড-১৯ এর  প্রকোপ দীর্ঘায়িত হওয়ায় গত ১৫ জুন আরও তিন মাস বর্ধিত করে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।

২৮ সেপ্টেম্বর সেই সময় আরও তিন মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

অর্থাৎ ২০২০ সালের পুরোটা সময় জুড়ে কেউ কোনো ব্যাংকের ঋণের কোনো কিস্তি না দিলেও তিনি খেলাপি হবেন না।