টাকা পাচার রোধে বিকাশ চালু করল ‘এএমএল ৩৬০ সলিউশন’
টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে ‘এএমএল ৩৬০’ নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ।
দেশের শীর্ষ এই মোবাইল ব্যাংকিং কোম্পানি বলছে, সারাদেশে তাদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর, মার্চেন্ট ও এগ্রিগেটরের সকল ধরনের লেনদেন তথ্য এই সফটওয়্যারের মাধ্যমে রিয়েলটাইম পর্যবেক্ষণের আওতায় চলে আসবে।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) অন্যান্য সংস্থার সমন্বয়ের কাজেও গতিশীলতা আনবে এই ৩৬০ সলিউশন।”
বিকাশের কমিউনিকেশনস বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি মূলত একটি অ্যাপ। বিকাশের মাধ্যমে যখনই কোনো লেনদেন হবে, সেই তথ্য বিকাশের পাশাপাশি একই সময়ে বিএফআইইউর কাছেও পৌঁছে যাবে। তাতে রিয়েল টাইম মনিটরিং এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যবস্থা নেওয়া সহজ হবে।”
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর সম্প্রতি এই সল্যুশনটি উদ্বোধন করেন। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
‘এএমএল ৩৬০’ কিভাবে কাজ করবে তা অনুষ্ঠানে উপস্থাপন করেন বিকাশের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফ।
