চায়না ইউনিপে’র সঙ্গে মিলে সিটি ব্যাংকের ডেবিট কার্ড
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপে’র সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করল সিটি ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি ব্যাংকটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গলবার চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠল সিটি ব্যাংক।”
সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ড ব্যাংকের ৩০ হাজারের বেশি পয়েন্ট অব সেলস (পস) মেশিনে ব্যবহার করা যাবে। এছাড়া নিজস্ব তিনশ’র বেশি এটিএম মেশিনে ব্যবহার করা যাবে।
সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকগুলোর এটিএমে ব্যবহার করা যাবে।
পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীরা।
ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলোতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদের তখনই হাতে হাতে দিয়ে দেওয়া হবে।
ইউনিয়নপে কার্ড বিশ্বের ১৭৯টি দেশের ২ কোটি ৮০ লাখ ব্যবসায় এবং ১৭ লাখ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।
