ন্যানো সোসাইটির উদ্যোগে ভার্চুয়াল সেমিনার
বাংলাদেশ ন্যানো সোসাইটির উদ্যোগে ন্যানো ড্রাগ ডেলিভারি সিস্টেমের ওপর একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওয়েবিনারটিতে দ্রুত অগ্রসরমান অত্যাধুনিক ন্যানো টেকনোলজির বহুবিধ ব্যবহার, এ বিষয়ে গবেষণার প্রয়োজনীয়তা, ন্যানোমেডিসিন, ন্যানো ড্রাগ ডেলিভারি সিস্টেম, টিস্যু ইঞ্জিনিয়ারিং, রোগ নির্ণায়ক অত্যাধুনিক যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
দেশে-বিদেশে অবস্থানরত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে ভার্চুয়াল সেমিনারটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওয়েবিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হোসেন শাহরিয়ার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুব রব্বানীর সঞ্চালনায় এবং বুয়েটের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর ন্যানোটেকনোলজির পরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন, হ্যানরি ফোর্ড হাসপাতালের সেলুলার এন্ড মলিকুলার ইমেজিং ল্যাবের পরিচালক এম মেসের আলী, দ্য জন হপকিনস ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল ফেলো ড. সামিউল আজম।
এর আগে গত জুন মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এক ভার্চুয়াল আলোচনার মাধ্যমে বাংলাদেশ ন্যানো সোসাইটি গঠিত হয়।
