কৃষিপণ্য আমদানিতে প্রাইম ব্যাংকের ‘গ্যারান্টর’ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে ঋণের জামানত পাওয়ার যোগ্য বিদেশি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে প্রাইম ব্যাংক।
দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ) বাংলাদেশ থেকে এধরনের দ্বিতীয় ব্যাংক হিসেবে অনুমোদন দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
এর ফলে অনুমোদিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক খাদ্য ও কৃষিজাত পণ্য যেমন: তুলা, সয়াবিন, শস্য, খাদ্যশস্য, কাঠ, বাদাম, ফল ইত্যাদি আমদানির ক্ষেত্রে খোলা ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রা যথাসময়ে রপ্তানিকারককে পরিশোধে ব্যর্থ হলে ইউএসডিএ তার গ্যারান্টর বা জামিনদার হবে। অর্থাৎ ব্যাংকের হয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারককে তা পরিশোধ করবে। পরে সেটা আদায় করে নেবে।
প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউনাইটেড স্টেটস কমোডিটি ক্রেডিট কর্পোরেশন (সিসিসি) কৃষিজাত পণ্য সহজে আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) রপ্তানি ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামে (জিএসএম-১০২) অংশ নিতে প্রাইম ব্যাংককে অনুমোদন দিয়েছে।”
এর আগে বাংলাদেশ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জিএসএম-১০২ অনুমোদিত বিদেশী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ আন্তর্জাতিক ব্যবসা পরিচালনার দীর্ঘ ট্র্যাক রেকর্ডের স্বীকৃতি হিসেবে প্রাইম ব্যাংক এই মর্যাদা অর্জন করেছে।
“এর ফলে আমরা আন্তর্জাতিক পণ্য আমদানি ব্যবসায় নিযুক্ত আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে পারব। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য পোর্টফোলিও আরও বৃদ্ধি করতে এটি সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের এই স্বীকৃতি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাইলফলক অর্জনে আরও এক ধাপ এগিয়ে দেবে।”
