২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় উন্নয়ন প্রকল্পে পর্যটনকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

স্থানীয় পর্যায়ে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের বিষয়টি বিবেচনায় রেখে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 07:04 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “স্থানীয় প্রশাসন পর্যটনের সাথে সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। পর্যটন আকর্ষণসমূহের নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও সংস্কার অগ্রাধিকারভিত্তিতে সম্পন্ন করতে হবে। পর্যটন গন্তব্যের সাথে সম্পৃক্ত সকল অপ্রশস্ত রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা প্রণয়ন করে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

“দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসহ সকল পর্যটন আকর্ষণ সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে গুরুত্বের সাথে কাজ করতে হবে। কেউ যেন এ সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত স্থানে পর্যটন আকর্ষণ সমৃদ্ধ ঐতিহাসিক স্থাপনাসমূহ বেদখল হয়েছে তা পুনরুদ্ধারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে দেশের পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকের ভিড় বাড়বে। সেজন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে পর্যটকরা যেন সব পর্যটন গন্তব্যে সঠিক ও উপযুক্ত পরিবেশ পায় স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও নাটোর জেলার জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।