যুক্তরাজ্যভিত্তিক প্রাইমাডলারের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বাংলাদেশের বেসরকারি খাতের শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের উন্নত সেবা দিতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান প্রাইমাডলার অপারেশনস্ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রাইমাডলার অপারেশনস্ লিমিটেডের সাথে যৌথভাবে রপ্তানিকারকদের জন্য ফিনটেকভিত্তিক ফ্যাক্টরিং সেবা চালু করবে। এর ফলে স্থানীয় রপ্তানিকারকরা তাদের মেয়াদি বিলগুলো তাৎক্ষণিক গ্রহণ করতে পারবেন। এতে রপ্তানিকারকদের নগদ অর্থের প্রবাহ বাড়বে।
প্রাইমাডলারের সদর দপ্তর যুক্তরাজ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে বিশ্বব্যাপী তাদের ১২টি অফিস রয়েছে।
গত মঙ্গলবার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রাইমাডলার অপারেশনস্ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) এম. আখতার হোসেন এবং প্রাইমাডলার অপারেশনস্ লিমিটেডের বাংলাদেশ লিঁয়াজো অফিসের কান্ট্রি লিড মনোয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
