আবুধাবিতে ফ্লাইট কমাল বিমান
বাংলাদেশি কর্মীদের আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ না করায় মহামারীকালে সেখানে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বলেছে, “এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।”
ফলে যাত্রী কমে যাওয়ায় বিমান ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে,” বলেছে বিমান।
করোনাভাইরাস মহামারীর কারণে কয়েক মাস বন্ধ থাকার পর বিমান আবুধাবি ফ্লাইট সম্প্রতি চালু করার পর বিমানে যাওয়া অর্ধ শতাধিক প্রবাসী কর্মীকে আবুধাবিতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়। ভিসাধারী এই যাত্রীরা করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়েই গিয়েছিলেন। কী কারণে তাদের ফিরতে হল, তা এখনও স্পষ্ট নয়।
