২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে এলসি চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 08:54 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান কনটুর ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে তারা পোশাকখাতের কোম্পানি ভিয়েলাটেক্সের জন্য একটি লেটার অব ক্রেডিট (এলসি) ইস্যু করেছে।

এক্ষেত্রে আবেদনকারী কোম্পানির পক্ষে এলসি ইস্যু করা ব্যাংক এবং একই সঙ্গে এলসির বেনিফিশিয়ারি পক্ষের পরামর্শক ব্যাংক হিসেবে ভূমিকা রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সম্পূর্ণ কাগজবিহীনভাবে এবং দ্রুত এই লেনদেনটি হয়েছে।

ব্লকচেইন হলো এমন এক প্রযুক্তি যাতে গুরুত্বপূর্ণ ডেটা নিরাপদে এবং এনক্রিপ্টেড করে মজুদ করা যায়। একবার লেনদেন সম্পন্ন হলে লেনদেনের তথ্য যাতে কখনোই বদলানো না যায়, তা নিশ্চত করা যায়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “বাংলাদেশের অর্থ বাণিজ্যে ব্লকচেইন প্রযুক্তির সূচনা করতে পেরে আমরা দারুনভাবে গর্বিত। দেশের প্রথম ব্লকচেইনে এলসি চালু করার ক্ষেত্রে ভিয়েলাটেক্স গ্রুপের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের পার্টনার হতে পারা অত্যন্ত সম্মানের ব্যাপার।”

ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও কে এম রেজাউল হাসানাত বলেন, “উদ্ভাবন এবং ডিজিটাইজেশন হচ্ছে বর্তমানের সদাপরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকার চাবিকাঠি। ব্লকচেইন প্রযুক্তি নিশ্চিতভাবে বাণিজ্যিক কর্মকাণ্ডের কার্যকারিতা বাড়াবে ও এলসি প্রসেসিং-এ সময়ক্ষেপণ কমাবে।”

কনটুরের সিইও কার্ল ভাগনার বলেন, "বিশ্ব বাণিজ্যে এমন একটা সমাধান প্রয়োজন যা তথ্যের স্বচ্ছতা বাড়াবে ও সব বাণিজ্যিক পক্ষের মধ্যে আন্তঃনিরীক্ষা নিশ্চিত করবে।”