২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কমার্স, এফ-কমার্স খাতে সহজ শর্তে ঋণ দেবে আইডিএলসি

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সহজ শর্তে ই-কমার্স এবং এফ-কমার্স খাতে ঋণ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 07:04 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সহজ শর্তে ই-কমার্স এবং এফ-কমার্স খাতে ঋণ সহায়তা দিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘শপআপ’ এর সঙ্গে মাসব্যাপী ঋণ মেলার আয়োজন করেছে।

মেলায় উদ্যোক্তারা অনলাইলাইনে আবেদনের মাধ্যমে তাদের ব্যবসার ধরণ ও আকার অনুযায়ী বিভিন্ন মেয়াদী ঋণ নিতে পারবেন।

অনলাইন মেলাটি উদ্বোধন করেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি এবং সিইও আরিফ খান ও শপআপ এর সিইও আফীফ জামান।

আইডিএলসি ফাইন্যান্সের এমডি এবং সিইও আরিফ খান বলেন, “আমি বিশ্বাস করি শপআপের সাথে আমাদের এই অংশীদারিত্ব মহিলা উদ্যোক্তাদের ব্যবসায় দ্রুত এবং সহজতরভাবে অর্থ সরবরাহে সক্ষম হবে। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে অর্থায়ন করে অনেক উদ্যোক্তাকে তাদের লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হব বলে আশা প্রকাশ করছি।”

শপআপ এর সিইও আফীফ জামান বলেন, “শপআপ এবং আইডিএলসির এই অংশীদারিত্বে ডিজিটাইজেশনের মাধ্যমে এসএমইর পাশে দাঁড়িয়ে আগামী বছরগুলোর সাফল্য নিশ্চিত করতে পারব আশা করছি।”

মেলায় তালিকাভুক্ত নারী উদ্যোক্তা যারা শপআপের প্ল্যাটফর্ম ব্যবহার করে গত এক বছর ধরে অনলাইনে তাদের ব্যবসা পরিচালনা করছেন, তাদের প্রতিযোগিতামূলক সুদ হারের সুবিধা দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক পৃথক আদেশে বিশেষ ক্ষেত্র বিবেচনায় সাত শতাংশ হারে সুদ ধার্য করার নির্দেশনা দিয়েছে।

রোববার শুরু হওয়া মাসব্যাপী এই অনলাইন মেলার মূল উদ্দেশ্য হল স্বল্প পরিসরের এই ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহজ শর্তে ঋণ দিয়ে তাদের বিকাশে সহায়তা করা।

এ ক্ষেত্রে ‘শপআপ’ এর তালিকাভুক্ত কাস্টমাররা আইডিএলসি ফাইন্যান্স থেকে তিন থেকে ১২ মাস মেয়াদী, সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা নিতে পারবেন।