প্রবাসীদের জন্য এসআইবিএলের একগুচ্ছ সুবিধা
প্রবাসী গ্রাহকদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করতে একগুচ্ছ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআইবিএলের মাধ্যমে পাঠানো রেমিটেন্সের অর্থ ব্যবহার করে সংশ্লিষ্ট শাখায় মুদারাবা সঞ্চয়ী হিসাব খুললে বিদ্যমান হারের চেয়ে ১ শতাংশ বেশি মুনাফা দেওয়া হবে।
একইভাবে মুদারাবা মেয়াদি আমানত হিসাব খুললে বিদ্যমান হারের চেয়ে ০.৫ শতাংশ বেশি মুনাফা পাবেন গ্রাহক।
প্রবাসীরা বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এসআইবিএল থেকে ঋণ নিলে বিদ্যমান হারের চেয়ে ১ শতাংশ কম মুনাফা (সুদ) নেওয়া হবে। আর নিয়মিতভাবে রেমিটেন্সের আয় থেকে কিস্তি পরিশোধ করা হলে মুনাফার (সুদ) ১০ শতাংশ ফেরত দেওয়া হবে।
এছাড়া কোনো প্রবাসী বাংলাদেশির মুদারাবা সঞ্চয়ী হিসাবে গড়ে প্রতি মাসে ১০ লাখ টাকা জমা থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তার দেশে আসার টিকেট এবং বাড়ি পৌঁছে দেওয়া হবে। প্রতি মাসে ২৫ লাখ টাকা জমা থাকলে বিদেশ থেকে বাংলাদেশ বিমানে আসা যাওয়ার রিটার্ন টিকেট দেবে এসআইবিএল।
সারা দেশে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬১টি শাখা, ৪০টি উপশাখা এবং ১৩৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স সেবা নিতে পারেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
