বিএসএমএমইউকে ন্যাজাল ক্যানোলা মেশিন দিল প্রিমিয়ার সিমেন্ট
করোনাভাইরাসের রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিকিৎসা সরঞ্জাম দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট।
রোববার প্রিমিয়ার সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউকে ৮টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হন্তান্তরের কথা জানানো হয়।
বিএসএমএমইউর পক্ষ থেকে মেশিনগুলো গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এগুলো হন্তান্তর করেন প্রিমিয়ার সিমেন্টের সিওও তারিক কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের ডিজিএ (মার্কেটিং) ফেরদৌস আমিন।
কনক কান্তি বড়ুয়া বলেন, “এভাবে যদি দেশের সকল শিল্প প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে করোনা মোকাবেলা করা আমাদের জন্য সহজসাধ্য হয়ে উঠবে।”
তারিক কামাল বলেন, “করোনা মোকামেলায় দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে পেরে প্রিমিয়ার সিমেন্ট গর্বিত।”
সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেড এর আগে ৭টি ভেন্টিলেটর মেশিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে দিয়েছিল।
প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক এর আগে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ সীকম গ্রুপের সিটি কনভেনশন হলটি করোনাভাইরাসের রোগীদের ব্যবহারের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্থান্তর করেন।
৪০ হাজার বর্গফুটের এই কনভেশন সেন্টারে ৩০০ আইসোলেশন শয্যার ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
