লকডাউন: আইসক্রিমে রমরমা, শ্যাম্পু-ডিওডোরেন্টে পড়তি
ঘর থেকে অফিসের কাজ করার এই সময়ে আইসক্রিম খাওয়ার চাহিদা বেড়ে গেলেও নিজেদের যত্নআত্তির অভ্যাসে ভাটা পড়েছে বলে মনে করছে ভোগপণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার।
এই ব্রিটিশ-ডাচ বহুজাতিক কোম্পানির বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল-জুন তিন মাসে তাদের আইসক্রিমের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। অথচ শ্যাম্পু ও সুগন্ধি ডিওডোরেন্টের চাহিদা কমেছে।
ইউনিলিভার বলছে, লকডাউনের মধ্যে ঘরে ঘরে খাদ্যপণ্য, আইসক্রিম ও চায়ের চাহিদা বেড়ে গেছে অনেক।
এই সময় কাজে ও সামাজিকতার জন্য মানুষ বাইরে গেছে কম। ফলে নিজেকে সাজানো বা ডিওডোরেন্ট ব্যবহারের উপলক্ষ ছিল কম।
তবে কোভিড-১৯ মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজারের মত কিছু সুরক্ষা উপকরণ কেনার হিড়িক দেখা গেছে এই সময়ে।
ইউনিলিভারের বেলজিয়াম ভিত্তিক ম্যাগনাম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বেন অ্যান্ড জেরি ব্র্যান্ডের জন্য সময়টা ভালো গেছে; মানুষ দেদারসে তাদের আইসক্রিম কিনছে ঘরে বসে খাওয়ার জন্য।
ইউনিলিভার বলছে, চাকরিজীবীদের একটি বড় অংশ এখন বাসায় থেকেই যেহেতু কাজ করছে, তারা চুলে শ্যাম্পু করছে কম, পুরুষেরা অনেকে দাড়ি কামানে বাদ দিয়েছেন, ডিওডোরেন্ট ব্যবহারও অনেকে বন্ধ করে দিয়েছেন।
তবে ঘরবাড়ি পরিষ্কার করার পণ্যগুলোর চাহিদা এই সময়ে বেড়েছে। মেঝে পরিষ্কার করার পণ্য সিফ সার্ফেস ক্লিনার এবং ডমেস্টোসের বিক্রি গত কয়েক মাসে বেড়ে গেছে বলে জানাচ্ছে ইউনিলিভার।
করোনাভাইরাস রোধ করতে ঘরে যে সব জায়গা ঘন ঘন স্পর্শে আসে, তা পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করতে বিজ্ঞাপন চালিয়েছিল এ দুটো ব্র্যান্ড।
তাতে বছরের প্রথমার্থে ইউনিলিভারের দুটি পণ্য ফুড স্প্রেড মারমাইট এবং পিজি টিপস চায়ের বিক্রি থেকে লাভ ৪ শতাংশ বেড়ে সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড হয়।
ইউনিলিভারের ভাষ্যে, উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু দেশে গত মার্চে মানুষ এসব পণ্য এত বেশি মজুদ করেছে, যে এর ‘ইতিবাচক প্রভাবই’ তাদের ব্যবসায় দেখা যাচ্ছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে মজুদ করার ওই প্রবণতা কমে আসে। তবে ঘর পরিচ্ছন্ন রাখার উপকরণ এবং খাদ্য পণ্যের চাহিদা বেশিই থাকে।
ইউনিলিভারের সিইও অ্যালান জোপ বলছেন, মহামারীর মধ্যে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, বার বন্ধ থাকায় সেবা খাতে তাদের ভোগপণ্যের চাহিদা কমে গেছে। তবে ঘরে ব্যবহারের বিভিন্ন পণ্যের বিক্রি বাড়ার বিষয়টি তাদের ব্যবসার ‘সামলে নেওয়ার সক্ষমতাই’ প্রমাণ করছে।
মানুষ ঘরে খাবার মত পণ্য বেশি কেনায় নর স্যুপ ও হেলম্যান সসের বিক্রি বেড়ে গেছে অনেক। ফলে ইউনিলিভারের খাদ্যপণ্যের ব্যবসায় দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে এই সময়ে।
এই ফাঁকে চায়ের ব্যবসা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে ইউনিলিভার, যাদের হাতে আছে লিপটন ও ব্রুক বন্ডের মত পরিচিত ব্র্যান্ড।
