বার্জার পেইন্টসের জীবাণুমুক্তকরণ সেবা
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে ‘বার্জার এক্সপার্ট স্যানিটাইজেশন সার্ভিস’ নামে একটি জীবাণুমুক্তকরণ সেবা চালু করেছে বার্জার পেইন্টস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের সিডিসির মানদণ্ড অনুসরণ করে জীবাণুমুক্তকরণ এ সেবাটি দেবে বার্জারের প্রশিক্ষিত ও পেশাদার সদস্যরা।
বার্জার বলছে, তাদের নতুন এ সেবাটি সহজে ও কার্যকরভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসা-বাড়িকে জীবাণুমুক্ত করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রেতা সুরক্ষা নিশ্চিত করে সেবা দিতে পারবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ বিপণন বিভাগের মহাব্যবস্থাপক একেএম সাদেক নাওয়াজ বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে বেশ কিছুদিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও এখন সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালু হয়েছে। এ পরিস্থিতিতে, কর্মী ও ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে কর্তৃপক্ষের আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন।
“আমাদের বিশ্বাস, নতুন এ সেবা উন্মোচনের মাধ্যমে আমাদের পেশাদার ও প্রশিক্ষিত সদস্যরা জীবাণুমুক্তকরণ সেবাদান করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উৎকণ্ঠা দূর করে তাদের সুরক্ষিত রাখতে সহায়তা করবে।”
