ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তম বছরে
কোভিড-১৯ মহামারীর মধ্যে সারাবিশ্বে আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা অনেকটা বন্ধ থাকার মধ্যেই বাংলাদেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের সপ্তম বছরে পা দিল।
ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা বাংলাদেশের বিমান পরিবহন শিল্পে যাত্রা শুরু করে। ৭৬ আসনের দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে এয়ারলাইন্সটি প্রথম ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা করেছিল।
ইউএস বাংলা এয়ারলাইন্সটির বহরে এখন মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০, ৭২ আসনের ৬টি এটিআর ৭২-৬০০ এবং ৭৬ আসনের তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
ছয় বছরে ১৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা করছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, যাত্রা শুরুর এক বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সব বিমানবন্দরে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা শুরু করে।
এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্যেমে আন্তর্জাতিক পরিমন্ডলে যাত্রা শুরু করা এই এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। নিকট ভবিষ্যতে আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই, হংকং, দিল্লী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে কার্গোও পরিবহন করে থাকে জানিয়ে কামরুল বলেন, দেশে-বিদেশে বর্তমানে প্রায় ১৪শ জন কর্মকর্তা-কর্মচারী ইউএস-বাংলা এয়ারলাইন্সে কাজ করছেন।
