২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন খাত চাঙ্গা হওয়ার আশায় প্রতিমন্ত্রী

কোভিড-১৯ মহামারী কেটে গেলে মানুষ পর্যটন আকর্ষণ ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাবেন বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2020, 10:13 PM

Updated : 18 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার বগুড়া জেলার সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

মাহবুব আলী বলেন, “কোভিড-১৯ এর কারণে সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশের পর্যটনেও বর্তমানে একটি অচলাবস্থা বিরাজ করছে। তবে কোভিড-১৯ পরবর্তী সময়ে সারা দেশের মানুষ পর্যটন আকর্ষণ সমূহে ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাবেন। পর্যটকদের সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

“ওই সময়ে আমাদের পর্যটনের অন্যতম প্রধান শক্তি হবে দেশের অভ্যন্তরীণ পর্যটকরা। দেশের ও বিদেশের পর্যটকদের কাছে দেশকে এবং দেশের পর্যটন পণ্যসম্ভারকে সঠিকভাবে তুলে ধরার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, সাংবাদিক ও সব পর্যটন অংশীদারকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যদি পর্যটকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে পারি তবে পর্যটন খাতে আবারও প্রাণচাঞ্চল্য ফেরত আসবে।”

তিনি বলেন, “যেসব ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে তা কোনোভাবেই নষ্ট করা যাবে না। পর্যটন শিল্পে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান সমূহের অন্তর্নিহিত গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ। আমাদেরকে আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ, ঐতিহ্যগত জীবনাচরণ এবং লোকসংস্কৃতিকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অভ্যন্তরীণ ও বিদেশি পর্যটকদের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।”

কোভিড-১৯ পরবর্তী সময়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন বিরাট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মাহবুব আলী।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সভাপতিত্বে কর্মশালায় ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পর্যটনখাতের অংশীজনরা অংশ নেন।