২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ক্যাবের ‘আম মেলা’

অনলাইনে ন্যায্যমূল্যে এবং নিরাপদে আম সংগ্রহের সুযোগ করে দিতে ‘আম মেলা ই-বাণিজ্যে সারাবেলা’ কর্মসূচি শুরু করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 12:16 AM

Updated : 18 Aug 2022, 03:17 PM

সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করে।

বাংলাদেশে ই-কমার্সের উন্নয়ন, অনলাইনে দেশীয় পণ্যের প্রসার ও ই-বাণিজ্যে গতিশীলতা আনতে এ কর্মসূচির আয়োজন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ই-ক্যাব।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন কর্মসূচি উদ্বোধন করে বলেন, “করোনাভাইরাস যেমন অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করেছে, তেমনি নতুন কিছু করার সুযোগও তৈরি করেছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীকে ই-বাণিজ্যে সম্পৃক্ত করে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার পথ সুগম হবে।”

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী জেলায় আম বাণিজ্যের সাথে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আমের সরবরাহ সহজীকরণের মাধ্যমে আমের বাজার বৃদ্ধি করলে এই কর্মসংস্থান আরও বাড়বে।

ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, সারাদেশে অন্তত ৫০ লাখ মানুষকে ন্যায্যমুল্যে এবং নিরাপদে অনলাইন থেকে আম সংগ্রহ করার সুযোগ করে দেওয়া হল এই উদ্যোগের মাধ্যমে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন পক্ষের সমন্বয়ে এটা বাস্তবায়ন করা হবে এই কর্মসূচি।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমচাষিরা যেন তাদের ফলনের ন্যায্যমূল্য পায় এবং ক্রেতাসাধারণ যেন ঘরে বসে নিরাপদে আম পেতে পারেন পাশাপাশি অনলাইন শপগুলোর আম সরবরাহ পর্যাপ্ত করতে এই আয়োজন করা হয়েছে।

ই-ক্যাবের এক হাজার ২০০ মেম্বার প্রতিষ্ঠান থেকে আম বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এ প্রকল্পে কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে চাষী ও বাগান মালিকদের কাছ থেকে আম সংগ্রহ করবেন।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে হর্টেক্স ফাউন্ডেশনসহ চালডাল, মিনাক্লিক, ফুডপান্ডা, সবজিবাজার, কেজিক্লিক ও কমজগত টেকনোলজি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেন।