মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যায় ‘মহামারীর ধাক্কা’
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেটের গ্রাহক আগের তুলনায় কমেছে, যার পেছনে কোভিড-১৯ মহামারীর প্রভাব দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
গত এপ্রিল শেষে মোবাইল ফোনে গ্রাহক মার্চের তুলনায় ২৪ লাখ ১৭ হাজার এবং ইন্টারনেট গ্রাহক ২০ লাখ ৬৭ হাজার কমে গেছে।
শুক্রবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল শেষে দেশে মোট মোবাইল গ্রাহক ছিল ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার এবং ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজার।
মার্চ শেষে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার এবং ইন্টারনেট গ্রাহক ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।
এ হিসাবে এক মাসে মোবাইল গ্রাহক কমেছে ১.৪ শতাংশ, আর ইন্টারনেট গ্রাহক কমেছে ২ শতাংশের মত। অবশ্য কমেছে মূলত মোবাইল ইন্টারনেটের গ্রাহক; ব্রডব্যান্ড ও পিএসটিএন গ্রাহকের সংখ্যায় তেমন হেরফের হয়নি।
গ্রাহক কমে যাওয়ার কারণ জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের নতুন সংযোগ কেনার প্রবণতা কমেছে। তবে এটা সাময়িক সময়ের জন্য হতে পারে। তাছাড়া বিভিন্ন অপারেটরের ভিন্ন ভিন্ন সিম ব্যবহারের প্রবণতাও কমেছে।”
করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় সারা দেশে লকডাউন জারি রাখার পর ৩১ মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। এরপর মানুষের চলাচল আরও বেড়ে যায়।
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ এক ই-মেইল বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য ব্যবসার মত মহামারীর কারণে গত কয়েক মাস ধরে দেশের মোবাইল খাতও প্রভাবিত হচ্ছে। মোবাইল ভয়েস ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমছে। গ্রাহকরাও আগের তুলনায় কথা কম বলছেন।”
গ্রাহক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লকডাউনের সময় সেল্স পয়েন্ট বন্ধ ছিল। টানা ৯০ দিন বন্ধ থাকলে সেই মোবাইল সংযোগ নিষ্ক্রিয় হয়ে যায়, রিচার্জ করতে না পারায় সিম বন্ধ হয়ে যেতে পারে। সে সময় প্রচুর সংখ্যাক পোশাক শ্রমিক ঢাকা ছেড়েছিলেন, তারাও হয়ত সিম বন্ধ করে দিতে পারেন। এছাড়া করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক দিক থেকেও এটি হতে পারে। “
মোবাইল সিমের মাধ্যমে ইন্টারনেট গ্রাহক কমলেও সব মিলিয়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে জানিয়ে শাহেদ আলম বলেন, “অনেকে দুই থেকে তিনটি সিম ব্যবহার করতেন, হয়ত সেখান থেকে কিছু বন্ধ করে একটি দিয়ে ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন।”
বিটিআরসির হিসাবে, সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার গ্রাহক নিয়ে মার্চে শীর্ষে ছিল গ্রামীণফোন। এপ্রিল শেষে তাদের গ্রাহক নেমেছে সাত কোটি ৪৩ লাখ ৬১ হাজারে।
মার্চ শেষে রবির গ্রাহক ছিল চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার; এপ্রিল শেষে তা কমে ৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার হয়েছে।
বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার থেকে কমে ৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক ৪৯ লাখ ১৩ হাজার থেকে কমে এপ্রিলে ৪৮ লাখ ৪০ হাজার হয়েছে।
ফেব্রয়ারিতে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার, মার্চ শেষে তা বেড়ে ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার হয়েছিল। কিন্তু এপ্রিল শেষে কমে হয়েছে ৯ কোটি ৩১ লাখ এক হাজারে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা মার্চ শেষে ছিল ৮০ লাখ ৮৪ হাজার, যা ফেব্রুয়ারির শেষে ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। এপ্রিল শেষে হিসাবে কোনো তারমত্য হয়নি।
