২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুচরায় লাগেনি তেল-চিনির দাম কমার আঁচ

মহামারীর অস্থির সময়ে পাইকারিতে ভোজ্য তেল, চিনির দাম কমতির দিকে থাকলেও খুচরায় তার প্রভাব না পড়ায় সাধারণ ক্রেতারা খুব একটা উপকৃত হতে পারছেন না। তবে খুচরায় কিছুটা কম দামে কেনা যাচ্ছে আমদানি করা রসুন।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 08:27 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

আর সরবরাহ ঘাটতির কারণে গত সপ্তাহের মাঝামাঝিতে (সোম-মঙ্গলবার) পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম হঠাৎ কেজিতে অন্তত পাঁচ টাকা বাড়ার পর আবার আগের দামে ফিরলেও খুচরা দোকানে বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার ঢাকার পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের এমন চিত্র পাওয়া গেছে।

পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী ও বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট ঘোষণার দুদিন আগ থেকেই চিনি ও ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। বাজেটে কর ছাড়ের প্রস্তাবের পাশাপাশি বিশ্ব বাজারেও পণ্যগুলোর দাম কমছে। আবার বাজারে বেচাকেনা কমে গেছে বলে আমরা মনে করছি। সব মিলিয়ে চিনি ও ভোজ্য তেলের দাম কেজিতে অন্তত দুই টাকা করে কমেছে।

কারওয়ান বাজারের দোকান সোনালী ট্রেডার্সের পরিচালক আবুল কাশেম বলেন, “গত এক সপ্তাহ ধরে চিনি ও সোয়বিন তেলের দাম কিছুটা কমেছে। বলতে গেলে কেজিতে এক টাকা বা তার চেয়ে একটু বেশি। চিনি বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজিতে এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৪ থেকে ৮৫ টাকায়।”

চিনি ও সয়াবিন তেলের দাম কমার এই প্রভাব রাজধানীর খুচরা মুদি দোকানগুলোতে দেখা যায়নি। তাছাড়া বিভিন্ন এলাকায় ভোগ্যপণ্যের দামেও তারতম্য দেখা গেছে।

উত্তর বাড্ডার মুদি দোকানি আলমগীর হোসেন জানালেন, গত দুই-এক সপ্তাহে চিনি বা সয়াবিন তেলের দাম কমেনি, আগের দামেই বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতিকেজি ৮৭ টাকা এবং চিনি প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি করছেন তিনি।

“চায়না রসুনের দাম প্রতিকেজি ১২০ টাকা থেকে কমে ১০০ টাকায় এসেছে। দেশি রসুন ১০০ টাকা থেকে কমে ৮০ টাকায় এসেছে। আগের মতোই দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা কেজি।”

পীরেরবাগের মুদি দোকানি আল আমিন বলেন, এক সপ্তাহ আগে চিনির কেজি ৬০ টাকা ছিল, এখনও তাই আছে।

“দাম কমেছে বলে শুনিনি। পেঁয়াজও আগের দামে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।”

উত্তর পীরেরবাগের দোকানি আব্দুর রাজ্জাক পেঁয়াজের দাম আরও বেশি বললেন। তবে চিনি, সয়াবিন তেল ও রসুনের দাম কমার কথা জানিয়েছেন তিনিও।

“কয়েকদিন আগে পেঁয়াজ ছিল ৪০ টাকা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। চায়না রসুন ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল কেজি ৯০ টাকা, কেজিতে কমেছে ৫ টাকা, চিনিতে কমেছে ৫ টাকা করে। এখন চিনির কেজি ৬০ টাকা। এক সপ্তাহ আগে চিনি ৬৫ টাকা এবং সয়াবিন তেল ৯৫ টাকায় প্রতিকেজি বিক্রি হয়েছিল,” দাবি করেন রাজ্জাক। 

পেঁয়াজের দামের প্রসঙ্গে মীরপুর শাহ আলী মার্কেটের পাইকারি বিক্রেতা আব্দুল লতিফ মোল্লা বলেন, “তিনদিন আগে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩/৪ টাকা বাড়তি ছিল। এখন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৪ টাকা পর্যন্ত উঠেছিল, এখন আবার ৪০ টাকায় নেমেছে। 

“ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৪০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়।”

চীন থেকে আমদানি করা রসুনের দাম কেজিতে গত এক সপ্তাহে অন্তত ২০ টাকা করে কমেছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার রসুন বিক্রি হয়েছে প্রতিকেজি ৭৫ টাকা থেকে ৮০ টাকায়।

তবে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি কেনাকাটার স্থান শ্যামবাজারে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতা ইদ্রিস আলী মধু।