২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমানোর পর এমডির বেতন ৮ লাখ টাকা

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে আরও একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বেতন কমিয়েছে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 01:44 AM

Updated : 18 Aug 2022, 03:15 PM

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবএল) কর্মকর্তাদের বেতন কমেছে ১০ থেকে ২৫ শতাংশ। যাদের বেতন ৪০ হাজার টাকার বেশি তাদেরই বেতন কমেছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীর বেতন কত কমেছে, তা জানানো হয়নি। তবে সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মাসে আট লাখ টাকা করে বেতন পাবেন।

ব্যাংকটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের এই মহাসঙ্কটকালে আজ (বৃহস্পতিবার) পরিচালনা পর্ষদের সভায় কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“আমরা আসলে এই কঠিন সময়ে কৃচ্ছতা সাধন করছি; টিকে থাকার জন্য ব্যয় সংকোচন করছি। আর এজন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বেতন কমানো একটি।”

“এমডির বেতন ৮ লাখ টাকা ফিক্সড (নির্ধারণ) করে দেওয়া হয়েছে,” বলেন চেয়ারম্যান।

এমডি আগে কত বেতন পেতেন-এ প্রশ্নের উত্তরে লাবু বলেন, “এটা আসলে আমি বলতে চাচ্ছি না। বলা ঠিকও হবে না। এটা আমাদের ব্যাংকের একেবারেই অভ্যন্তরীণ বিষয়।”

তবে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমডি স্যার ১০ লাখ টাকার উপরে বেতন পেতেন।”

বাংলাদেশে সরকারি ব্যাংকগুলোর কোনটির ব্যবস্থাপনা পরিচালকের বেতন ৩ লাখ টাকার বেশি নয়। তবে বেসরকারি ব্যাংকগুলোর অধিকাংশের ব্যবস্থাপনা পরিচালকের বেতন ৫ লাখ টাকার উপরে।

আল আরাফাহ ইসলামী ব্যাংকে বেতনের পরিমাণের ভিত্তিতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বেতন কমানো হয়েছে।

বেতন কমানোর চিঠিতে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা  

মহামারীকালে কর্মকর্তাদের বেতন কমাল ৩ ব্যাংক  

বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পরামর্শের আলোকে কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে বলে জানান লাবু।

“সঙ্কট কেটে গেলে সবাই আগের মতো বেতন পাবেন,” বলেন তিনি।

এর আগে এবি ব্যাংক, সিটি ব্যাংক ও এক্সিম ব্যাংকও তাদের কর্মীদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত নেয়। এনিয়ে ব্যাংককর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

আব্দুস সামাদ লাবু বলেন, আল আরাফাহ ব্যাংকে বেতন কমানোর পাশাপাশি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময় পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া সব ধরনের নিয়োগও বন্ধ থাকবে। নতুন শাখাও খোলা হবে না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৃহস্পতিবারের পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, বেতন কমানোসহ অন্যান্য সিদ্ধান্তগুলো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বেতন কমানো ও বিভিন্ন ধরনের ভাতা স্থগিত রাখার কারণ হিসেবে সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, “করোনাভাইরাস মহামারীর কারণে ব্যাংকিং খাতসহ সকল ব্যবসা-বাণিজ্যের চরম অবনতি হয়েছে। স্থানীয় ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যেও মন্দা চলছে। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টিকে থাকার স্বার্থে প্রশাসনিক ব্যয় কমানো ছাড়া কোনো বিকল্প নেই।”

ব্যাংকটিতে ৪০ হাজার টাকার কম এমন কর্মীদের বেতন অপরিবর্তিত থাকবে। ৪০ হাজার ১ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে কমবে ১০ শতাংশ, ১ লাখ ১ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত কমবে ১৫ শতাংশ, ২ লাখ টাকার বেশি বেতনের ক্ষেত্রে কমবে ২০ শতাংশ। উপ-ব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) বেতন কমবে ২৫ শতাংশ হারে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটির উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার পরিচালকরা আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত পর্ষদ সভা এবং পর্ষদের বিভিন্ন কমিটির সভায় অংশ নেওয়ার জন্য কোনো সম্মানী নেবেন না। তবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা সম্মানী পাবেন।

এছাড়াও ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্কর্তাদের বিদেশে প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ বন্ধ, নতুন শাখা না খোলা, স্থায়ী কোনো সম্পদ না কেনা এবং কোভিড-১৯ সংক্রান্ত সিএসআর ও শিক্ষাবৃত্তি ছাড়া সব ধরনের সিএসআর বন্ধ রাখাসহ মোট ব্যয় সংকোচনের জন্য মোট ১৩টি সিদ্ধান্ত নিয়েছে।