বাণিজ্য বাড়াতে ‘অগাস্টের মধ্যে’ ভুটানের সঙ্গে পিটিএ
বাংলাদেশে ও ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগামী ৩০ অগাস্টের মধ্যে অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দ্বিপাক্ষিক এক বৈঠকে বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ সম্পাদনের জন্য পিটিএ টেক্সটসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হয়। উভয় পক্ষ পিটিএ সম্পাদনের জন্য ঐকমত্যে পৌঁছায়।
বাংলাদেশে ও ভূটানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আইন মন্ত্রণালয়ের ভেটিং ও মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। উভয় পক্ষের দেশের বাণিজ্যমন্ত্রী এ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভূটানে এবং ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে, পর্যায়ক্রমে এ পণ্য সংখ্যা আলোচনার মাধ্যমে বাড়ানো হবে।
ভূটান থেকে শুল্ক-মুক্ত সুবিধার আওতায় আমদানি করা গেলে বাংলাদেশের দেশের জন্য নির্মাণ সামগ্রীর ব্যয় হ্রাস পাবে যা নির্মাণ খাতের উন্নয়নে সহায়ক হবে। এছাড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য স্বল্পমূল্যে কাঁচামাল আমদানি করা সহজ হবে।
দুই বছর আহে ভুটান থেকে পণ্য নিয়ে বাংলাদেশে সরাসরি জাহাজ আসা শুরু হয়
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ আলোচনা শেষ হওয়ার মাধ্যমে বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে, কেননা এটি হবে বাংলাদেশের জন্য প্রথম ভূটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি স্বাক্ষর।
২০১২-১৩ অর্থ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৬ দশমিক ৫২ মিলিয়ন (আড়াই কোটি) মার্কিন ডলার; যা ক্রমান্বয় বেড়ে ২০১৮-১৯ অর্থ বছরে ৫৭ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় ।
বাংলাদেশ থেকে ভুটানে মূলত তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, প্লাস্টিক, ঔষধ, গৃহসজ্জা সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী রপ্তানি হয়। ভুটান থেকে বাংলাদেশ সবজি ও ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, বোল্ডার পাথর, পাল্প, রাসায়নিক আমদানি করে।
সভায় বাংলাদেশ পক্ষে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান। ভুটানের পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে নেতৃত্ব ছিলেন ডিপার্টমেন্ট অফ ট্রেড এর মহাপরিচালক সোনম তেনজিন।
