বাসায় খাবার পৌঁছাবে ’ইভ্যালি ফুড এক্সপ্রেস’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবার খাবার ডেলিভারির ব্যবসায় নাম লিখিয়েছে অনলাইন বাজার ইভ্যালি।
ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির ইভ্যালি ফুড এক্সপ্রেস শপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান ও ধানমণ্ডি এলাকার গ্রাহকরা ই-ফুডের সেবা পাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে পুরো ঢাকা শহরকে সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।
ফুড এক্সপ্রেসের মাধ্যমে গ্রাহকরা সিক্রেট রেসিপি, তর্কা এবং শেফস টেবিলের প্রায় ৩৫টি প্রিমিয়াম রেস্টুরেন্টসহ ৭০টির বেশি রেস্টুরেন্টের খাবার ঘরে বসে পেতে পারেন। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে ইভ্যালি।
ই-ফুড সেবায় অন্তর্ভূক্তির জন্য সিক্রেট রেসিপি, শেফস টেবিল ও তর্কার মতো কয়েকটি রেস্টুরেন্টের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক সই করা হয়েছে বলে ইভ্যালির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে ওই চুক্তিতে সই করেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল।
তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা চাই নগরবাসী যেন ঘরে থেকেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। এজন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি মেনে হাতের স্পর্শহীন খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “নির্ধারিত পরিমাণে ফুড অর্ডার করলে শর্ত সাপেক্ষে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বিভিন্ন সময় ইভ্যালি থেকে পাওয়া ক্যাশব্যাক ব্যালেন্স দিয়েও ফুড অর্ডার করা যাবে।”
