বাজেট: রপ্তানি খাতে বেশ কয়েকটি ছাড় চায় ইএবি
প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের অধিকাংশ নীতিকে শিল্পবান্ধব বললেও রপ্তানি খাতে বেশ কয়েকটি ছাড়ের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইএবি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইএবির সভাপতি ও পোশাক রপ্তানি খাতের উদ্যোক্তা আব্দুস সালাম মুর্শেদী তার সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন।
তবে রপ্তানি শিল্পের বিকাশে বেশ কয়েকটি সুপারিশ করে ইএবি। বিবৃতিতে বলা হয়,
# গতবছর রপ্তানি শিল্পের আবেদনের প্রেক্ষিতে উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হয়েছিল। শিল্পের এই কঠিন সময়ে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ হারে আরও ৫ বছর অব্যাহত রাখতে অর্থমন্ত্রীর প্রতি সব রপ্তানিকারক সংগঠনের সাথে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (ইএবি) বিনীত অনুরোধ জানাচ্ছি।
# বর্তমানে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পখাতসহ নিটওয়্যার ও ওভেন গার্মেন্টসের কর্পোরেট কর হার গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ এবং গ্রিন কারখানা ছাড়া অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে বিদ্যমান রয়েছে। বাজেট প্রস্তাবনায় এই হার আগামী দুই বছরের জন্য অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা প্রদানের জন্য শিল্পের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই খাতের সাথে চামড়া ও চামড়াজাত রপ্তানি শিল্পকেও একই নীতিমালার সাথে সংযুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
# রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিজিএমইএ ও বিকেএমইএ থেকে জারি করা প্রত্যয়নপত্রের মাধ্যমে পণ্য খালাস করা হত। কিন্তু বর্তমান বাজেট প্রস্তাবে বিভাগীয় মূসক কর্মকর্তার দপ্তর হতে প্রত্যয়নপত্র নিয়ে পণ্য খালাসের এসআরও করা হয়েছে, যা আমদানি প্রক্রিয়াকে আরও জটিল করবে এবং রপ্তানি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আমরা আগের পদ্ধতিতে অর্থাৎ বিজিএমইএ ও বিকেএমইএ হতে জারি করা প্রত্যয়নপত্রের ভিত্তিতে পণ্য খালাস করার জন্য সংশ্লিষ্ট এসআরও সংশোধন করার অনুরোধ করছি।
# বর্তমানে রপ্তানি নগদ ভর্তুকির উপর সংশ্লিষ্ট অর্ডিন্যান্সের অধীনে উৎসে কর চলমান ৫ শতাংশ হারে কর্তন করছে। প্রত্যাশা ছিল, বর্তমানে নগদ সহায়তার বিপরীতে যে ৫ শতাংশ আয়কর কর্তনের বিধান রয়েছে তা রহিত করা হবে। কিন্তু বাজেট প্রস্তাবনায় এ ব্যাপারে কোনো নির্দেশনা না থাকায় আগের হার অর্থাৎ ১০ শতাংশ বলবৎ হবে। করোনা পরবর্তী পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পখাতগুলোতে যাতে এ ধাক্কা সামলে উঠতে পারে তার জন্য চলমান রপ্তানি নগদ ভর্তুকির উপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রস্তাবিত বাজেটে মওকুফ করার জন্য অনুরোধ করছি।
