২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিল অবকাঠামোর দরপত্রে দেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার দাবি

স্টিলের সরকারি অবকাঠামোর নির্মাণের দরপত্রে দেশি প্রতিষ্ঠানগুলোকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এসবিএমএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 07:02 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

বাজেট ঘোষণার পর রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানোর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া শুল্কমুক্ত সুবিধায় স্টিল অবকাঠামো আমদানি সুবিধা বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

এসবিএমএর সভাপতি জওহর রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।

জওহর বলেন, স্টিল বিল্ডিংয়ে দেশীয় অনেক যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান থাকলেও সরকারি কোনো টেন্ডারে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এ শিল্পের বিকাশে সরকারি সব টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি এ শিল্পের কাঁচামাল আমদানিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর শুল্ক কমানোর দাবিও জানান তিনি।

রাশেদ বলেন, প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে দীর্ঘদিন ধরে এক অসম প্রতিযোগিতা চলে আসছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো উচ্চহারে কাস্টমস ডিউটি দিয়ে কাঁচামাল আমদানি করলেও বিভিন্ন অর্থনৈতিক জোনের বিদেশি প্রতিষ্ঠানকে বিনাশুল্কে তৈরি পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

“শুধু তাই নয়, আমদানি করা ডিউটি ফ্রি পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলো রাজস্ব বোর্ডের চোখ ফাঁকি দিয়ে বাজারে বিক্রিও করছে। যার ফলে প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”

জওহর প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পের কাঁচামাল গত ডিসেম্বর থেকে আমদানি বন্ধ রয়েছে। ফলে এ শিল্পগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এই শিল্পের ২৩০টি প্রতিষ্ঠানে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।