২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের ‘ন্যূনতম মূল্য’ নির্ধারণের প্রস্তাব

যথাযথ রাজস্ব আহরণের স্বার্থে আমদানি পর্যায়ে মোবাইল ফোনের মূল্য নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 07:36 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় স্থানীয় মোবাইল সংযোজন খাতে ৫ শতাংশ রেয়াতি হারের মূসক একবছর বাড়ানোরও প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে মোবাইল টেলিফোন সেট উৎপাদনের উপর মূসক অব্যাহতি এবং সংযোজন খাতে ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান রয়েছে। এ অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণে এ সুবিধা আরো এক বছর বৃদ্ধির প্রস্তাব করছি।

“আইসিটি খাতের (১০২ পৃষ্ঠা) গুরুত্বপূর্ন অনুসঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে রেয়াতি সুবিধা প্রদানে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী শিল্প গড়ে উঠেছে। সেলুলার ফোন উৎপাদন উৎসাহিত করা ও সংযোজন শিল্প প্রসারে আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরো বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ করার প্রস্তাব করা হয়েছে।”

মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদশে মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে (বছরে) ১০ হাজার কোটি টাকার হ্যান্ডসেট মার্কেট রয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে, চলতি বছর জানুয়ারি নাগাদ দেশে নয়টি মোবাইল ফোন কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় সব কারখানা উৎপাদন ও সংযোজন শুরু করেছে।

ফোনের ন্যুনতম মূল্য নির্ধারণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিএমপিআইএ যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“মানসম্মত হ্যান্ডসেট বিক্রিতে এটি দরকার ছিল। আমাদের জানামতে, হ্যান্ডসেটের ন্যূনতম মূল্য সাড়ে ৪ ইঞ্চি পর্যন্ত ৩০ ডলার এবং এর উপরে ৪০ ডলারের মতো প্রস্তাব রয়েছে।”

তবে বিশ্ববাজারের দাম বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে সমন্বয় করা হলে ব্যবসায়ীদের সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন।

মেজবাহ বলেন, স্মার্টফোন ও ফিচার ফোনে আমদানি শুল্ক বৃদ্ধি না হওয়াতে করোনাকালীন সময়ে সুবিধা হবে। হ্যান্ডসেট আমদানিতে প্রায় ৬০ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়।