২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার পদে এসেছেন কাজী মাহবুব হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 06:40 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

গ্রামীণফোন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত জানুয়ারি থেকে হেড অব স্ট্র্যাটেজিক অ্যান্ড লার্জ অ্যাকাউন্টস হিসেবে গ্রামীণফোনে কর্মরত আছেন কাজী মাহবুব হাসান। আগামী ২ জুলাই থেকে নতুন পদে যোগ দেবেন তিনি। 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চিফ স্পেশালিস্ট-স্ট্র্যাটেজি হিসেবে গ্রামীণফোনে মাহবুব তার কর্মজীবন শুরু করেন। জিপি ম্যানেজমেন্টের অংশ হিসেবে হেড অব ট্রান্সফরমেশনের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তিনি চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নতুন পদে কাজী মাহবুবকে অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “গত চার বছরে গ্রামীণফোনের রূপান্তরের ক্ষেত্রে কাজী সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির বিজনেস পোর্টফোলিও রপান্তরে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমার বিশ্বাস, প্রতিষ্ঠানের রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং বিভিন্ন খাতে তার দক্ষতা গ্রামীণফোনকে ভবিষ্যতে উদ্ভাবনী সেবা, আধুনিকায়ন এবং প্রবৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভবনা উন্মোচনে সহায়তা করবে।”

কাজী মাহবুব হাসান বলেন, “পুরো বিশ্ব এবং বাংলাদেশ বর্তমানে প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সমাজ ও ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে সব সময় যুক্ত রাখতে কাজ করেছে। এন্টারপ্রাইজ বিভাগের এমন দক্ষ ও মেধাবী একটি দলের নেতৃত্ব দিতে পারা বিশেষ সুযোগের ব্যাপার। কানেক্টিভিটির মাধ্যমে প্রয়োজনীয় সব বিষয়ের সাথে গ্রাহকদের সংযুক্ত করে তাদের জন্য ভ্যালু তৈরিতে আমরা একসাথে কাজ করব।”

বিদায়ী চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন বলেন, “প্রথমে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং পরবর্তীতে চিফ বিজনেস অফিসার হিসেবে দীর্ঘ সময়ে গ্রামীণফোনের জন্য কাজ করা একটি পরিপূর্ণ অভিজ্ঞতা। আমি কাজীর বিটুবি বিজনেসের নেতৃত্বে সাফল্য কামনা করছি।”

২০১৬ সালে গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে কাজী মাহবুব হাসান যুক্তরাজ্যের ডেলয়েটে সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি বিভিন্ন খাত যেমন, টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং আর্থিক খাতের গ্রাহকদের জন্য ব্যবসায়িক রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন।  

এছাড়াও কাজী মাহবুব আইবিএম যুক্তরাজ্য এবং বিএটি বাংলাদেশে ফাইন্যান্স ও বিপণনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা এসিসিএ’র চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্টেন্ট (এফসিসিএ) ফেলো।