২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর প্রক্রিয়া সহজ করার নির্দেশ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর প্রক্রিয়া আইনের মধ্যে থেকে সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 12:05 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরার মাধ্যমে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগ ওই ব্রিফিংয়ের অডিও রেকর্ড সাংবাদিকদের সরবরাহ করে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “যারা বাইরে থেকে আসবে বিনিয়োগ করতে একটা কমপ্লিকেসির (জটিলতা) বিষয়ে আমাদের পয়েন্ট আউট করেছে। তারা যে বিনিয়োগ করবে, তারা একটা এগ্রিমেন্টে আন্ডারে মুনাফা পাবে, সেই মুনাফাটা তারা কীভাবে এখান থেকে নিয়ে যাবে।

“আমাদের যে সিস্টেম তাকে আমাদের বিনিয়োগকারী যারা এখানে এসেছেন, তারা বলেছেন, এখানে কিছু কমপ্লিকেসি আছে। এই কমপ্লিকেসি যদি কমানো না হয়, তাহলে বাইরে থেকে বিনিয়োগ এর চেয়ে বেশি আসবে না।

“আমরা যদি কমপ্লিকেসি একটু কমাতে পারি, তাদের যে প্রোফিটটা থাকবে সেটা যাতে তারা আরও ইজিলি তুলে নিয়ে যেতে পারে তাদের দেশে বা বাইরে অন্য কোথাও।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন আমাকে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ও অর্থ সচিবকে এ বিষয়ে কাজ করতে বলেছেন।

“আগামী ২ মাসের মধ্যে ইনভেস্টমেন্ট ও রিটার্নটা যাতে তারা আইনানুগভাবে বিদেশে বা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সে বিষয় ইজি আউট করার জন্য প্রস্তাব করতে। সে ক্ষেত্রে বাংলাদেশ ও অন্যান্য ব্যাংক যারা আছে, তাদের সঙ্গে কথা বলতে বলতে।”

“এর পাশাপাশি বলা হয়েছে, আমাদের ব্যাংকিং সিস্টেমেও যেসব ডিপোজিটের ক্ষেত্রে যে কমপ্লিকেসি আছে সেগুলো যাতে একটা ইজি করা যায়, সেটা দেখার জন্য,” বলেন তিনি।