ওয়ালটনের সপ্তম ডিজিটাল ক্যাম্পেইন শুরু
কোরবানির ঈদ সামনে রেখে গ্রাহকদের জন্য ‘মিলিয়নেয়ার’ হওয়ার সুযোগ নিয়ে সপ্তমবারের মত ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন।
সোমবার দেশীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে গ্রাহকরা পেতে পারেন এক মিলিয়ন বা ১০ লাখ টাকা।
রোববার ঢাকায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে এবারের আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানানো হয়। এবার ক্যাম্পেইনের স্লোগান ‘আবার হব মিলিয়নেয়ার’।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন ক্রেতা।
এরপর ফিরতি এসএমএসের ক্রেতাকে টাকার পরিমাণ অথবা ক্যাশ ভাউচার সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, গত বছর ২০ লাখের ধারাবাহিকতায় এ বছর ২৫ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছিলেন তারা।
”কিন্তু করোনাভাইরাস দুর্যোগের ফলে বিশ্বব্যাপী স্থবিরতা নেমে এসেছে। তারপরও বছরের বাকি দিনগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক থাকলে এ লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।”
ওয়ালটনের বিক্রয় কেন্দ্রগুলোতে ‘সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে’ কেনাকাটার সুযোগ রয়েছে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি।
’ডিজিটাল ক্যাম্পেইন ২০১০, সিজন-৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, উদয় হাকিম, চিত্রনায়ক আমিন খান ও ড. মো. সাখাওয়াৎ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ ও শহীদুজ্জামান রানা উপস্থিত ছিলেন।
