২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ জয়ী কুতুবউদ্দিন বললেন, মনোবল হারাবেন না

করোনাভাইরাসে আক্রান্ত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 01:17 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

কোভিড-১৯ যুদ্ধে জয়ী ৬৬ বছর বয়সী কুতুবউদ্দিন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর পরই আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম।

“বয়স একটু বেশি হওয়ার পরও আমি একটুও মনোবল হারাইনি; সব সময় সাহস রেখেছি। এবং এটাই আমাকে দ্রুত সুস্থ করতে সহায়তা করেছে বলে আমি মনে করি।”

বাসায় ফিরলেও চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন জানিয়ে তিনি বলেন, “সর্বশেষ একটি টেস্ট করাতে হবে। তার ফল নেগেটিভ আসলেই পরোপুরি নিশ্চিত।”

ব্যবসায়ী গোষ্ঠী এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ মে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বাসায় ফিরেছেন।

এখন কেমন আছেন-এ প্রশ্নের উত্তরে কুতুবউদ্দিন বলেন, “বাসায় থেকে অফিসের কিছু কাজ-কর্ম করছি। আরও কিছু দিন বাসাতেই থাকব। আরেকটি টেস্টে ফল নেগেটিভ আসার পর পুরোপুরি সুস্থ। তারপর আগের মতোই অফিস-কাজ নিয়ে মেনে থাকব।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশবাসীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।

“সবাইকে আমি বলব, কখনও মনোবল হারাবেন না- এটাই প্রথম জিনিস। হতবিহ্বল হয়ে যাবেন না। সাহস রাখুন এবং চিকিৎসকের পরামর্শ কঠোরভাবে অনুসরণ করুন। অন্য বড় কোনো শারীরিক জটিলতা না থাকলে আপনার পক্ষে অবশ্যই করোনাভাইরাসকে পরাস্ত করবেন।”

আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবে সবল থাকতে ব্যায়ামের পরামর্শও দেন কুতুবউদ্দিন।

“প্রতিদিন নিয়ম করে কিছু সময় হালকা অনুশীলন করার সর্বাত্মক চেষ্টা করতাম। আপনি শারীরিকভাবে দুর্বল বোধ করলেও ব্যায়াম করা উচিৎ। এ সময় আমি বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও করেছি।”

কী কী খেতেন- এ প্রশ্নে তিনি বলেন, “ডাক্তারের পরামর্শে হাসপাতালে প্রচুর খেয়েছি; এখনও খাচ্ছি। ঘন ঘন হালকা গরম পানি পান করেছি এবং গলা শুকিয়ে যাওয়ার কোনো সুযোগই দেইনি। ৩/৪ ঘণ্টা পর পর লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গার্গল করতাম।

“আমি নিয়মিত গরম গরম চিকেন ও ভেজিটেবল স্যুপ খেয়েছি। মাল্টা খেতাম; এটা নাকি খুবই। ডাক্তার খেতে বলতেন। এছাড়াও ভাত, রুটি ও অন্যান্য খাবার খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফল প্রচুর খেয়েছি।”

কুতুবউদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে তানভীর আহমেদসহ পরিবারের সব সদস্যের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবারই ফল নেগেটিভ এসেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার মধ্যেই গত ২ জুন কুতুবউদ্দিন স্পেনের সম্মানসূচক ‘নাইট অফিসার’ খেতাব পেয়েছেন।

বুয়েট থেকে পাস করার পর ১৯৮৪ সালে তৈরি পোশাক কারখানা দিয়ে ব্যবসায়িক অঙ্গনে পা রাখা কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত এনভয় গ্রুপের নানা খাতে বিনিয়োগ রয়েছে। এসব খাতের মধ্যে তৈরি পোশাক খাত ছাড়াও রয়েছে বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিক ইত্যাদি।

কুতুবউদ্দিন দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃৎ ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। অন্যদিকে শেলটেক ব্রোকারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ।

এনভয় গ্রুপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা।

কুতুবউদ্দিন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ছিলেন। ব্যবসায়ীদের সংগঠন মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিরও (এমসিসিআই) সভাপতি ছিলেন তিনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি কুতুব উদ্দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন কুতুবউদ্দিন।

পুরনো খবর:

স্পেনের ‘নাইট অফিসার’ খেতাব পেলেন কুতুবউদ্দিন