২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসলার দাম সর্বোচ্চ ২৫% কমানোর প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচসহ গরম মসলার দাম ১০ থেকে ২৫  শতাংশ পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:17 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিনের সাথে সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়।

করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করেন ব্যবসায়ীরা।

আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন।

মূল্য তালিকা অনুযায়ী- জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারুচিনি (চীন) প্রতিকেজি ৩১০-৩৩০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।

এ ঘোষিত মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক।