২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে আবুল খায়ের গ্রুপ

কোভিড-১৯ মহামারী চিকিৎসায় হাসপাতালগুলোকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে দেশের অন্যতম বৃহৎ  শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 10:54 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে  কোভিড-১৯ চিকিৎসায় অক্সিজেন সংকট নিরসনে নিজস্ব উৎপাদন ব্যবস্থা উন্মুক্ত  করে দেওয়ার যে প্রতিশ্রুতি আবুল খায়ের গ্রুপ দিয়েছিল, মঙ্গলবার থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিস হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যতদিন প্রয়োজন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রুত সময়ে কার্যক্রম শুরু করার জন্য আবুল খায়ের গ্রুপ আমদানিকৃত ৩০০টি নতুন সিলিন্ডার সংগ্রহ করে ইতোমধ্যে ফিলিং সম্পূর্ণ করেছে। প্রতিটি সিলিন্ডারের ধারণ ক্ষমতা ১.৪ কিউবিক মিটার।

“করোনাভাইরাস চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর যদি প্রয়োজন হয়, তাহলে গ্রুপের সিলিন্ডারের বাইরে অতিরিক্ত সিলিন্ডার অক্সিজেন ফিলিংয়ের জন্য দিলে সেগুলোও ফিলিং করে দেওয়া হবে।”

প্রয়োজনীয় অক্সিজেনের জন্য হাসপাতালগুলোকে হেল্পলাইন ০১৯৮৮৮০২১৬৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল  ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।