২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর প্রভাব: পুঁজি সঙ্কটে পেপার কোণ শিল্প

এক যুগেরও বেশি সময় আগে কুটির শিল্প আকারে হাঁটি হাঁটি-পা পা করে শুরু হয়েছিল কাগজের চোঙা তৈরির কাজ। এরপর গত আটবছরে সুতা পেঁচিয়ে রাখার সেই পেপার কোণ এবং টিউব তৈরিতে এসেছে স্বয়ংসম্পূর্ণতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 06:53 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

কিন্তু নভেল করোনাভাইরাসের অভিঘাতে একদিকে জমে থাকা উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে বিভিন্ন কারখানায় আটকে আছে তাদের লাখ লাখ টাকা । সবমিলিয়ে এই শিল্পের উদ্যোক্তারা পড়েছেন পুঁজির সঙ্কটে।

সুতার মিলগুলোতে উৎপাদিত সুতা সংরক্ষণে ব্যবহৃত হয় পেপার কোণ বা টিউব। পুরনো কাগজের মণ্ড দিয়ে কিছু প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এই পণ্য এক সময় ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে স্পিনিং মিলগুলো আমাদানি করত। এতে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য আসতে বিলম্বসহ নানা ভোগান্তিতে পড়তে হতো।

২০০৭ সালের দিকে কুটির শিল্প হিসেবে দেশের কিছু তরুণ পেপার কোণ তৈরি শুরু করেন। ২০১২ সালে এসে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় দাঁড়ায় এই শিল্প। এখন দেশেই আন্তর্জাতিক মানের পেপার কোণ উৎপাদন হচ্ছে। এই শিল্পের সুরক্ষায় ব্যবসায়ীদের অনুরোধে সরকার এসব পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্কও আরোপ করেছে।

কিন্তু করোনাভাইরাসের মহামারী অনিশ্চয়তায় ফেলে দিয়েছে উদ্যোক্তাদের।

বাংলাদেশ পেপার কোণ অ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন মেহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি লকডাউন, ব্যবসা-বাণিজ্য এবং উৎপাদনে স্থবিরতা নেমে আসার পর এই শিল্পটিও স্তিমিত হয়ে এসেছে। কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ অন্যান্য বিষয়ে অনিশ্চিয়তায় পড়েছে মালিকপক্ষ।

শাওন মেহবুব দাবি করেন, তারা এই খাতের প্রায় ১২ হাজার শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন। কিন্তু এপ্রিল মাসে এসে পড়েছেন সঙ্কটে। কারণ মার্চ থেকেই প্রতিটি কারখানায় তিন থেকে পাঁচ লাখ কোণ বা টিউব পড়ে আছে।

“আর কিছুদিন গেলে এসব পণ্য নষ্ট হয়ে যাবে। কারণ এগুলো খোলা অবস্থায় তিন মাসের বেশি ভালো থাকেনা। আবার সুতার কারখানাগুলোর কাছেও আটকা পড়ে আছে লাখ লাখ টাকার বকেয়া।

“প্রতিটি পেপার টিউব আড়াই টাকা করে হিসাব করলে তিন লাখ পণ্যের মূল্য রয়েছে প্রায় সাত লাখ টাকা। আবার সুতার কারাখানাগুলোর কাছেও জমা পড়ে আছে কয়েক মাসের বকেয়া। এসব কারণে পেপার কোণ মালিকরা আর্থিক দৈন্যতার মধ্যে পড়েছেন।”

খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে পেপার কোণ তৈরির কারখানা রয়েছে ১৬৪টি, যারা অ্যাসোসিয়েশনভুক্ত। এর বাইরে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রামে রয়েছে আরও শ’খানেক রখানা।

প্রতিটি কারখানায় পড়ে ৪০ থেকে ৪৫ জন শ্রমিকের কর্মসংস্থান হিসাব করলে প্রায় ১২ হাজার মানুষের রুটি-রুজি জড়িয়ে আছে এর সঙ্গে।

খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যম পর্যায়ের একটি কারখানায় দৈনিক গড় উৎপাদান ২৫ হাজার থেকে ৩০ হাজার পেপার কোণ। সেই হিসাবে এই খাতে প্রতি মাসে প্রায় ৫০ কোটি টাকার পণ্য লেনদেন হয়।