২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে ‘নগদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 02:09 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস।

এ সময় নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, এই দুর্যোগে দেশের সকল মানুষের সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ দ’মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে ‘নগদ’ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদান গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

“কোভিড-১৯ যুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রীর যে কোনো নির্দেশনা পালন করতে আমরা সবসময় প্রস্তুত আছি। এ যুদ্ধে আমাদের জিততেই হবে। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচলে দেশ বাঁচবে।”

“বাংলাদেশ আজ এক গভীর সংকটে, এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানোর। করোনার এই মহাসংকটে ‘নগদ’এর সবাই করোনাভাইরাসের বিরুদ্ধে একসাথে লড়ছে এবং লড়বে।

“নগদ শুরু থেকেই এই যুদ্ধে বাংলাদেশের প্রান্তিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।”

নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় সেবা নগদ সরকারি ঘোষণার প্রথম দিন থেকে সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় জরুরি সেবা হিসেবে নগদ একদিনের জন্যও তার কার্যক্রম বন্ধ রাখেনি। এ ছাড়া নগদ তার প্রতিটি কর্মীর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করেছে এবং সকল উদ্যোক্তা, ডিস্ট্রিবিউটর, বিক্রয়কর্মীসহ প্রায় ২ লাখ সদস্যের প্রত্যেকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার দায়িত্ব নিয়েছে।

এই সংকটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে নগদ। এর মাধ্যমে সরকারের ৪২৫ কোটি টাকা উপকারভোগীদের কাছে মূহুর্তে পৌঁছে দেবে নগদ।

“ উপকারভোগীদের এই টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না।”

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ প্রতি হাজারে মাত্র ৬ টাকায় নিয়ে এসেছে নগদ ‘স্বাধীন মার্চেন্ট’ উদ্যোগের মাধ্যমে। যা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ইতিহাসে সর্বনিম্ন রেট।

কৃষকের ফসল জমি থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের সহযোগিতায় ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় কৃষক বিনা খরচে ডাক বিভাগের গাড়িতে পণ্য শহরে পাঠাতে পারবেন এবং নগদের ‘স্বাধীন মার্চেন্ট’ এর মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণ করতে পারবেন।

নগদ দেশের সকল স্বনামধন্য ই-কমার্স এবং গ্রোসারি বিক্রেতাদের একটি প্ল্যাটফর্মে এনে কৃষকের ন্যয্য মূল্য নিশ্চিত করছে।

কৃষকদের সহায়তার জন্য গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির (জিডিআইসি) সাথে যৌথভাবে ‘আমরা করব জয়’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে নগদ। যার মাধ্যমে তহবিল সংগ্রহ করে সেই টাকা ঈদের আগে অসহায় কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।