নবীনগরের নতুন কূপে ৫০ বিসিএফ গ্যাসের মজুদ: বাপেক্স
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবিষ্কার হওয়া নতুন কূপে প্রায় ৫০ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে বলে বাপেক্স জানিয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে এ তথ্য জানান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুল হান্নান।
গত ৪ মার্চ ওই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের ঘোষণা দেয় বাপেক্স।কুমিল্লার শ্রীকাইল গ্যাস ফিল্ডে অন্তর্ভুক্ত এই কূপ।
পেট্টোবাংলা ও বাপেক্সের কাজের অগ্রগতি পর্যালোচনায় এই ভার্চুয়াল সভার আয়োজন করেন জ্বালানি প্রতিমন্ত্রী।
ভোলা সদরের ভেদুরিয়া গ্যাস ক্ষেত্রের কূপ থেকে গ্যাস উঠছে (ফাইল ছবি)
সভায় বাপেক্সের এমডি জানান, ড্রিলিং ইঞ্জিনিয়ারসহ নতুন লোকবল ও পরামর্শক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৫ মার্চ শ্রীকাইল পূর্ব-১ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন খননকৃত কূপে গ্যাস পাওয়া গেছে। মজুদ গ্যাসের পরিমাণ প্রায় ৫০ বিসিএফ।
ভার্চুয়াল এই সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।
