সিটিটিসিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ইভ্যালি ডটকম ডট বিডি।
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি’র এই বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য ইভ্যালির পক্ষ থেকে এসব সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে সিটিটিসির প্রধান কার্যালয়ে এসব নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করা হয়। ইভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ রাসেল সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেন।
এসব নিরাপত্তা সামগ্রীর রয়েছে, ২৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট -পিপিই, আড়াই হাজার মাস্ক, ২৫০টি আই প্রটেকটিভ গ্লাস, ২৫০টি হ্যান্ড ওয়াশার এবং ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার।
এছাড়াও সিটিটিসি কার্যালয়ের জন্য ৪টি হ্যান্ড থার্মোমিটারও দেওয়া হয়েছে।
মোহাম্মদ রাসেল বলেন, এই মহামারীর সময়ে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ কররছন তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। সিটিটিসি ডিএমপি’র একটি বিশেষায়িত ইউনিট। তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।
সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, কঠিন এই সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। করোনাভাইরাসে পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন, মৃতের ঘটনাও ঘটেছে। এরপরেও দেশের যেকোন সংকটকালীন সময়ের মতো এবারও পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগনের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
এসময় সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এবং বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিন সহ সিটিটিসির ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
