দুটি হাসপাতালে পিপিই দিল টি কে গ্রুপ, ভেন্টিলেটরও দেবে
কোভিড-১৯ মহামারী চিকিৎসায় সহায়তার জন্য চট্টগ্রামের দুটি হাসপাতালে পিপিই দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ টি কে গ্রুপ।
সেইসঙ্গে হাসপাতাল দুটিতে ২০টি ভেন্টিলেটর প্রদানের জন্য আমদানি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালামের উদ্যোগে নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং হলিক্রিসেন্ট করোনাভাইরাস বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের জন্য ৭০০টি ব্যক্তিগত সূরক্ষা সামগ্রি-পিপিই প্রদান করা হয়।
গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার আশরাফুল হোসেন পিপিইসমূহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এছাড়াও ওই হাসপাতাল দুটিতে ২০টি ভেন্টিলেটর প্রদানের জন্য আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে; যা আগামী জুনের মাঝামাঝিতে কর্তৃপক্ষের কাছে ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টি কে গ্রুপ দেশের সকল ক্রান্তিকাল ছাড়াও সব সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে এই সংকটে বিভিন্নভাবে বিপুল জনগোষ্ঠীকে নানাভাবে সহায়তা অব্যাহত রেখেছে।
