লকডাউনে ১০ দিনের বেশি কাজ করলে অতিরিক্ত প্রণোদনা নয়
কোভিড-১৯ মহামারী সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে কোন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী দশ দিনের বেশি স্বশরীরে ব্যাংকে উপস্থিত থেকে কাজ করলেও অতিরিক্ত বিশেষ প্রণোদনা ভাতা পাবেন না।
তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকার প্রয়োজন হলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ভাতা পাবেন।
মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত ১৩ এপ্রিল জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে কাজ করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরকে বিশেষ প্রণোদনা ভাতা দিতে ব্যাংগুলোকে নির্দেশ দিয়েছিল।
এই প্রণোদনা প্রদানের জন্য নিচের নীতিমালা অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
>> যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সাধারণ ছুটির সময়ে ব্যাংকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা পাবেন।
>> সাধারণ ছুটির সময়ে কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে দশ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে।
>> তবে দশ কার্যদিবসের কম স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সেক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা পাবেন।
>> ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এই প্রণোদনা ভাতা পাবেন।
>> কর্মকর্তা-কর্মচারী তাদের স্ব স্ব মূল বেতনের সমপরিমাণ অর্থ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন।যে সব অস্থায়ী বা চুক্তি ভিত্তিক কর্মকর্তা/কর্মচারীর মূল বেতন আলাদাভাবে নির্ধারিত নেই তারা মাসিক মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রণোদনা চালুর পর সব ব্যাংকের শাখাগুলোয় কর্মকর্তাদের উপস্থিতি ব্যাপকহারে বেড়ে যায়। বিশেষ করে ডিজিএম, এজিএম লেভেলের প্রায় সবাই অফিস করা শুরু করেন।
ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকে এ খবর আসার পর মঙ্গলবার বিষয়টি পরিস্কার করার জন্য আরেকটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
তাতে বলা হয়েছে, ছুটিকালীন সময়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ১০ দিন স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন।
“তবে ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও ওই ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এক মাসের সমপরিমাণের বেশি বিশেষ প্রণোদনা ভাতা পাবেন না।”
নির্ধারিত রোস্টারিং বা ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি স্বশরীরে উপস্থিত হয়ে কাজ করলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় অতিরিক্ত হিসেবে পাবেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
