২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ যোদ্ধাদের পাশে ফুডপান্ডা

অনলাইনভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ২০ হাজার ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিতরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 06:19 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মহামারী করোনাভাইরাস। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। নতুন এই ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশের মানুষকে নিরাপদ রাখতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, নার্স ও ডেলিভারি সার্ভিস রাইডাররা।

একটি দায়িত্বশীল কমিউনিটি ব্র্যান্ড হিসেবে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফুডপান্ডা।

এ প্রসঙ্গে ফুডপান্ডা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারিন রেজা বলেন, “যারা প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন; যাতে আমরা নিরাপদে থাকতে পারি। সেই সব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ এবং আমাদের নিজস্ব রাইডারদের প্রতি সম্মান জানিয়ে আমরা তাদেরকে খাদ্য ও রেশন প্রদান করছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে যখন স্বাভাবিক সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সেই সময়ে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য কৌশলগত পদক্ষেপ নিয়েছে খাবার ডেলিভারির এই প্রতিষ্ঠান। ব্যবসায়ী অংশীদারদের কাছ থেকে খাবার এবং রেশন সংগ্রহ করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।