ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে ‘এসো সবাই’র খাদ্য বিতরণ
মার্কেটপ্লেস ইভ্যালির সৌজন্যে এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং খাদ্য বিতরণ করছে ‘এসো সবাই’।
প্রতি পরিবারে গড়ে চার জন সদস্যের হিসেবে প্রায় চার হাজার জন পাচ্ছেন এসব খাদ্য সামগ্রী ও ইফতার পণ্য।
শনিবার ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের সাহায্যের উদ্দেশ্য নিয়ে এক ডিজিটাল উদ্যোগে যাত্রা শুরু করে ‘এসো সবাই’ নামের সংগঠনটি।
দেশের তথ্য প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি এবং সংস্কৃতি অঙ্গনের বিষিষ্টজনেরা এ উদ্যোগে সাড়া দিয়ে দ্রুতই এগিয়ে আসেন। এদের মাঝে অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশিয় উদ্যোগে প্রতিষ্ঠিত ইকমার্স সাইট ইভ্যালি ডটকম ডট বিডি।
‘এসো সবাই’ ছাড়াও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ই-ক্যাব) বিভন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনে সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে পৃষ্ঠপোষকতা করছে ইভ্যালি।
রাজধানী ঢাকাসহ গাইবান্ধা, কিশোরগঞ্জ, নড়াইল এবং রংপুর জেলায় এরই মাঝে কর্মহীন এবং অসহায় পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমাল ফাউন্ডেশন, নড়াইল এক্সপ্রেস, অভিযাত্রিক ফাউন্ডেশন, বিদ্যানন্দ, মিশন সেভ বাংলাদেশসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিতরণ কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে।
“আমাদের সাথে বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তিবর্গ আছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক গানের মাধ্যমে তারা সবাই এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অন্যদের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন।”
‘এসো সবাই’ এর মাধ্যমে এই সংকটের সময় যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাজ হারিয়ে কর্মহীন হয়েছেন তাদের জন্য প্রযুক্তির মাধ্যমে অনুদান সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে।
“আবার সামাজিক দূরত্বও নিশ্চিত থাকছে। আবার অনুদান ডিজিটাল মাধ্যমে গ্রহণ করার ফলে আমাদের কার্যক্রমের স্বচ্ছতাও থাকছে।”
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, “ইভ্যালি সবসময়ই দেশ ও জাতির প্রতি নিজেদের কর্তব্য এবং দায়বদ্ধতা অনুভব করে। এই সময়ে আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে যতটুকু সম্ভব সবার সাহায্যে এগিয়ে আসতে চাই। একই সাথে অন্যদেরও অনুরোধ করব তারাও যেন এগিয়ে আসেন।”
