অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে সোনালী ব্যাংক
কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
বাংলাদেশের অর্থনীতিতে হঠাৎ নেমে আসা স্থবিরতা বা ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা বাস্তবায়নে বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
“এই ক্রান্তিকালে চরম ঝুঁকির মধ্যেও সোনালী ব্যাংকের দেশব্যাপী ১ হাজার ২২২টি শাখার মাধ্যমে জরুরি ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে এই সংকটকালেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা প্রতিকুল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সময়োপযোগি সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে।
সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মুলধন হিসেবে ১ হাজার কোটি টাকার ঋণ মন্জুর করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
