২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন আর ক্ষতির চিন্তা না, পেট চালাব কীভাবে ভেবে পাচ্ছি না’

করোনাভাইরাস শুধু মৃত্যু ভয় নয়, পেট চালানো নিয়েও দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের; বেচাবিক্রির বড় উপলক্ষ পহেলা বৈশাখ ভেস্তে যাওয়ার পর রোজার ঈদের আগেও ঘরে বসে কাটাতে হচ্ছে তাদের।

ফয়সাল আতিক

আবদুর রহিম হারমাছি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 09:11 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

এই ধাক্কায় ব্যবসার কতটুকু ক্ষতি হবে সেই হিসাব আর প্রয়োজনীয় মনে করছেন না তারা। লাভ-ক্ষতির হিসাব রেখে আগামী দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকবেন কীভাবে সেই ভাবনা জেঁকে বসছে বলে জানালেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একেবারেই শেষ ভাই! রক্তক্ষরণ হচ্ছে প্রতি মুহূর্তে। এখন ক্ষতির কথা ভাবছি না, এক-দেড় মাস পর কী খাব, ছেলে-মেয়ের মুখে কী তুলে দেব-তা নিয়েই ভাবছি এখন।”

শুধু হেলাল উদ্দিন নয়, দেশের ৫৬ লাখ দোকান মালিকদের এখন ঘুম নেই। খুবই কষ্টে দিন কাটছে এসব প্রতিষ্ঠানে কাজ করা এক কোটি ২০ লাখ মানুষের, যাদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে, গত রমজানের ঈদে এক লাখ কোটি টাকার কেনাবেচা হয়েছিল।

এবার তার চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ বেশি ব্যবসা হবে বলে হিসাব কষেছিলেন ব্যবসায়ীরা। সেভাবেই প্রস্তুত নিয়েছিলেন, বিনিয়োগ করেছিলেন।

“কিন্তু সব মাটি। কীভাবে দোকান ভাড়া দেব, ব্যাংকের ঋণ শোধ করব কীভাবে? কর্মচারীদের বেতন-ভাতা-ঈদ বোনাসের কী হবে? কীভাবে নিজেরা বেঁচে থাকব?,” একের পর এক প্রশ্ন করছিলেন ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্ত্বাধিকারী ডিজাইনার লিপি খন্দকার।

তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ সামনে রেখে আমরা ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। বাকি ছিল ২৫ শতাংশ। এখন সেটা বন্ধ করে দিয়েছি। অনলাইনে সামান্য কিছু বেচাকেনা হচ্ছে। কিন্তু সেটা দিয়ে তো আর ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা।”

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল জানান, বাংলাদেশে সারা বছর যে কেনাবেচা হয় তার ৭৫ শতাংশই হয় রমজানের ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে।

“এবার সবই গেল। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে, মানুষের আয়-উপার্জন সব বন্ধ। এক-দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক হলেই যে ব্যবসা ঘুরে দাঁড়াবে তারও কোনো সম্ভাবনা নেই। কেননা সব ধরনের কাজকর্ম বন্ধ থাকায় মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এ কারণে মানুষের হাতে টাকার সরবরাহ থেমে গেছে। ফলে কোভিড-১৯ পরবর্তী সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দিলেও লোকসান গুণতে হবে।”

এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তা চান হেলাল উদ্দিন।

ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “সরকার কেন জানি শুধু বড় বড় ব্যবসায়ীদের দিকে তাকাচ্ছে। আমাদের কথা একদম ভাবছে না। সোয়া কোটির বেশি মানুষ যে না খেয়ে আছে তাদের কথা ভাবছে না।”

করোনাভাইরাসের অর্থনৈতিক ক্ষতি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ বিশ্ব অর্থনীতিকে তছনছ করে দিচ্ছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে।

“সত্যিই বড় সংকটে পড়তে যাচ্ছে আমাদের অর্থনীতি। ঈদ উৎসব ঘিরে বাড়তি টাকার প্রবাহে সচল হয়ে ওঠে গ্রামের অর্থনীতি। এ সময় নিম্ন আয়ের মানুষের হাতেও টাকা যায়। এতে তাদের ক্রয়ক্ষমতা বাড়ে।

“কিন্তু এ বছর এর সবই বন্ধ হয়ে গেছে, যার ফলে সার্বিক অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে এই ক্ষতির মাত্রা কতটা ভয়াবহ হবে তা হয়ত এখনই নিরূপণ করা যাবে না। তবে পরিস্থিতি যে ভয়াবহ তা হয়ত সবাই অনুমান করতে পারছেন।”

ঈদ উৎসবের কেনাকাটায় শুধু বস্ত্র কিংবা জুতা নয়, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক পণ্য, ভ্রমণ, ওমরাহ পালন, আসবাব, গাড়ি ও আবাসন খাতসহ প্রতিটি সেক্টরে নগদ টাকার লেনদেন হয়। এর বাইরে সমাজের বিত্তবানদের জাকাত, ফিতরা দেওয়ায় ধনী-গরিব সবার হাতে টাকার প্রবাহ বাড়ে। উৎসব ঘিরে যেমন ব্যয় হয়, তেমনি জোগানও আসে বিভিন্ন খাত থেকে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে এবার সবই মুখ থুবড়ে পড়েছে।

প্রতি বছর ঈদ ঘিরে সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে থাকেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। কারণ ঈদ মানেই নতুন পোশাক। বাঙালির ঘরে ঘরে ছেলে-বুড়ো, তরুণ-তরুণী, মা-বোন সবার জন্য চাই নতুন পোশাক। ফলে ঈদের এক মাসেই বছরের বাকি ১১ মাসের সমান বেচাকেনা হয়।

১৭ কোটি মানুষের দেশে ঈদ উপলক্ষে কয়েক হাজার কোটি টাকার পোশাকের চাহিদা থাকে। শবেবরাত থেকে শুরু হয়ে এই বেচাকেনা চলে ঈদের আগের রাত পর্যন্ত। এজন্য ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের হাসিও চওড়া হতে থাকে। তবে এ বছর করোনাভাইরাসের কারণে ঈদবাজারের পরিবেশ ঠিক উল্টো। লকডাউনের বন্দিদশায় আটকা পড়েছে ঈদের কেনাবেচা। পরিবর্তিত পরিস্থিতিতে ঈদ যত কাছে আসছে, ব্যবসায়ীদের কপালের ভাঁজ তত বাড়ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী চিহ্নিত হয়। অতি সংক্রামক এ ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তখন থেকেই দেশজুড়ে লকডাউন চলছে।

মানুষের যাতায়াত সীমিত করে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। যানবাহন চলাচল, কলকারখানা, দোকানপাট বন্ধ। জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকানই বন্ধ। সাধারণত মানুষ ঘর থেকে বের হচ্ছে না। প্রতিদিনই দেশে ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। ঈদের আগে যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না সেটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে।

দিশেহারা ফ্যাশন ব্যবসায়ীরা

বৈশাখে ব্যবসা পুরোপুরি হাতছাড়া হওয়ার পর ঈদের বাজারও ধরতে না পেরে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ফিরিয়ে আনার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দেশের ফ্যাশন হাউজগুলো।

এই পরিস্থিতিতে দেশীয় পোশাক শিল্পের উৎপাদন, নকশা তৈরি, এমব্রয়ডারি, রঙয়ের ছাপ, অন্যান্য হাতের কাজ এবং বিপণনের সঙ্গে জড়িত লাখ লাখ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের জীবনে নেমে এসেছে অন্ধকার।

ফ্যাশন ব্যবসায়ীদের সংগঠন ফ্যাশন উদ্যোগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফ্যাশন ব্র্যান্ড রঙয়ের কর্ণধার সৌমিক দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশীয় পোশাক শিল্পে কেবল বৈশাখের বাজারে বিনিময় হয় প্রায় দুই হাজার কোটি টাকা। আর রোজার ঈদে হয় তার দ্বিগুণ।

“সব মিলিয়ে এই দুই মওসুমে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার মতো বিনিয়োগ হয়। আর এই বিনিয়োগ বা বিনিময় দিয়েই এই খাতের সারা বছরের টিকে থাকা। কারণ সারা বছরের মোট বিপণনের ৭০ ভাগই এই দুই উৎসবকে কেন্দ্র করে হয়ে থাকে।”

চলমান লকডাউন পরিস্থিতির কারণে এই দুটি বড় উপলক্ষ হাতছাড়া হয়ে যাওয়ায় এই খাতটি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানান সৌমিক।

তিনি বলেন, “ভরা মওসুমে দীর্ঘদিন ধরে বেচাকেনা বন্ধ থাকার কারণে পদে পদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যে পণ্যগুলো ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে সেগুলোর কর্মচারী বেতনসহ অন্যান্য বেতন ব্র্যান্ডগুলো কীভাবে দেবে? অথবা যে পণ্যগুলো এখনও উৎপাদনের পর্যায়ে রয়েছে সেগুলোর দায় দায়িত্বই বা কে নেবে? ব্র্যান্ডগুলোর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তাদের হাতে তো আর টাকা আসছে না।

“যার যা পুঁজি থাকে তার পুরোটাই ঈদবাজারকেন্দ্রিক উৎপাদনে ব্যয় করা হয়। কারণ এই সময়ে অর্জিত মুনাফা দিয়েই সারা বছরের ব্যবসায়িক খরচ চালাতে হয়। উৎপাদক, সরবরাহকারীদের হিসাবটা ঈদবাজার থেকে প্রাপ্ত আয় দিয়েই ক্লোজ করা হয়। এটা হচ্ছে মূল ট্রানজেকশানের সময়। এর ওপরই নির্ভর করে যে সামনের বছর আমরা কীভাবে চলব, কী রকম চলব। সেজন্য আমি বলব এখন যা হচ্ছে এটা একটা ডিজাস্টার। আমরা কল্পনাও করতে পারিনি, এমন কখনও হবে।”

Image
নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সদা ব্যস্ত মিরপুর-সড়ক এখন এরকমই ফাঁকা। ছবি: সাদ আব্দুল্লাহ

নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সদা ব্যস্ত মিরপুর-সড়ক এখন এরকমই ফাঁকা। ছবি: সাদ আব্দুল্লাহ

ফ্যাশন উদ্যোগের হিসাবে, বাংলাদেশের ফ্যাশন জগতে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি পরিচিত ও স্বল্প পরিচিত দেশীয় উদ্যোক্তা রয়েছে যাতে পাঁচ লক্ষাধিক মানুষ সরাসরি যুক্ত। আর পুরো খাতের উৎপাদন, বিপণন ও পরিকল্পনার সঙ্গে অন্তত ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত রয়েছে।

দেশের প্রধানতম ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ বাজারের প্রস্তুতি শুরু হয়েছে গত বছরের অক্টোবর থেকে। গত ২৫ মার্চ সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আগেই প্রায় ৭০ ভাগ পণ্য হাতে চলে আসে। আরও ১০ থেকে ১৫ শতাংশ পণ্য প্রস্তুত হয়ে গেছে যেগুলো লকডাউন উঠে গেলেই আড়ংয়ের হাতে চলে আসবে। বাকি পণ্য পাইপলাইনে ছিল, যা মে মাসের প্রথম সপ্তাহেই চলে আসত।

‘এই ঈদে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার প্রস্তুতি হচ্ছিল’ জানিয়ে তিনি বলেন, “আড়ংয়ে সারা বছরে যে বিক্রি হয় তার ৩৫ ভাগই হয় কেবল ঈদুল ফিতরে। পণ্যের ডিজাইন থেকে শুরু করে নতুন নতুন পণ্য নিয়ে আসার একটা বড় উপলক্ষ থাকে ঈদুল ফিতর। যেহেতু এই বিক্রিটা কতটুকু সুযোগ পাব আমরা জানি না। তাই এটা আমাদের আয়ের ওপর একটা বড় প্রভাব রাখছে।”

এই পরিস্থিতিতে আড়ংসহ অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানান আশরাফুল।

“একটা বড় পরিমাণের অবিক্রিত পণ্যের স্টক আমাদের কাছে রয়ে যাচ্ছে। তাই এই পণ্য তৈরির সঙ্গে জড়িত তাঁতশিল্প, কারুশিল্প, ছোটবড় ৬৫০ জনের মতো উদ্যোক্তা-প্রতিষ্ঠান এদের সবারই ভবিষ্যৎ কাজের ওপর প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে আগের মতো পণ্যের অর্ডার দেওয়া যাবে না।”

আড়ংয়ের নিজস্ব ১৪টা উৎপাদন কেন্দ্রে ২৫ হাজারের মতো কর্মী কাজ করে। এর বাইরে ৬৫০ জন উদ্যোক্তার সঙ্গে প্রায় ৩০ হাজারের মতো আর্টিজান বা কারিগর জড়িত। এছাড়া তাঁতশ্রমিকসহ প্রায় ৬৫ হাজার মানুষের জীবন জীবিকা আড়ংয়ের পণ্যের সঙ্গে জড়িত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

আড়ং ফ্যাশনে গত রোজার ঈদে এক হাজার কোটি টাকার বিক্রি হয়েছিল। এই বছর আরও অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছিল। ঢাকায় ১৪টি বিপণন কেন্দ্রসহ সারা দেশে ২১টি বিপণন কেন্দ্র রয়েছে আড়ংয়ের।

একই অভিজ্ঞতা ফ্যাশন ব্র্যান্ড রঙয়ের উদ্যোক্তা সৌমিক দাসের। লকডাউনের আগেই তার ৬০ থেকে ৭০ ভাগ পণ্য প্রস্তুত হয়ে গিয়েছিল।

“রঙয়ের ২৪টা আউটলেট রয়েছে। বৈশাখের পুরো প্রস্তুতিই ছিল। ঈদেরও ৬০ থেকে ৭০ ভাগ প্রস্তুতি নেওয়া ছিল। বাকি প্রস্তুতিও প্রক্রিয়াধীন ছিল। এখন পুরোটাই শেষ।”

আরেক ফ্যাশন ব্র্যান্ড অঞ্জনসের পরিচালক ও ফ্যাশন উদ্যোগের সভাপতি শাহীন আহমেদ বলেন, “এই পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। তারপরও কোনো মার্কেট খুলতে হলে সেখানে অনেক রিস্ক রয়েছে। এর বাইরে সরকারেরও সিদ্ধান্তের বিষয় রয়েছে।

“আমরা বৈশাখের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। ঈদের প্রস্তুতিও প্রায় হয়ে গেছে। সব মিলিয়ে একটা হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। একটা অস্থিরতার মধ্যে কাটছে। আমরা অঞ্জনস থেকে চিন্তা করছি অনলাইনে কিছু পণ্য বিক্রি করব।”

সারা দেশে ২৪টা শো রুমে পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, শার্ট, টি-শার্ট বিক্রি করে থাকে অঞ্জনস।