২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকের মাধ্যমে ১৪ লাখ খাবার প্যাকেট দিচ্ছে পেপসিকো

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ও অতি-দরিদ্র ১৪ লাখ মানুষকে খাবার প্যাকেট দেবে পেপসিকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 10:17 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে বৈশ্বিক উদ্যোগ #গিভমিলসগিভহোপ এর আওতায় দেওয়া হবে ওই খাদ্য সহায়তা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিষ্ঠানের একীভূত কার্যক্রমের কথা জানায় ব্র্যাক।

পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেবকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

“কোভিড-১৯ এর কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলা করতেই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করার জন্য ব্র্যাকের সঙ্গে পার্টনারশিপ গড়েছি।”

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “মহামারীর ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের লাখো দিনমজুর এবং অতি-দরিদ্র জনগণ। ব্র্যাকের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ১৪% নিম্ন আয়ের পরিবারগুলো তীব্র খাদ্য সংকটে আছে।

“পেপসিকো বাংলাদেশের জরুরি খাদ্য সরবরাহের উদ্যোগটি এই পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও কার্যকর সমাধান।”

তিনি বলেন, সহযোগিতা করার ক্ষেত্রে ব্র্যাক সব সময় অতি-অসহায় মানুষ যেমন- বৃদ্ধ, গর্ভবতী কিংবা স্তন্যদাত্রী মা, প্রতিবন্ধী, নারীপ্রধান পরিবার, অতি দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণ এবং যারা বিভিন্ন কারণে সহায়তা পাচ্ছে না এমন মানুষদের অগ্রাধিকার দিয়ে যাবে।

করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশে পার্টনারশিপের মাধ্যমে ৫০ লাখ খাবার প্যাকেট সরবরাহ করছে পেপসিকো ফাউন্ডেশন।