প্রতিশ্রুত পোশাক নেওয়ার আশ্বাস সুইডেনের
করোনাভাইরাস মহামারীর আগে বাংলাদেশ থেকে যে পরিমাণ তৈরি পোশাক কেনার আদেশ সুইডেন দিয়েছিল, তা বাতিল করা হবে না বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফেন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এই আশ্বাস দেন।
প্রায় ১৫ মিনিটের আলাপে উভয় নেতা ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
বিশ্বে করোনাভাইরাস মহামারীতে বড় সঙ্কটে পড়েছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। শিল্পোদ্যোক্তারা বলছেন, বিদেশি অনেক ক্রেতা তাদের ক্রয় আদেশ বাতিল করে দিচ্ছেন।
প্রেস সচিব বলেন, “টেলিফোন আলাপে সুইডেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, তার দেশ তৈরি পোশাক সম্পর্কিত বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না। তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখব।”
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই সঙ্কটেও বাংলাদেশ তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয় আদেশ পূরণ করতে সক্ষম হবে।
বাংলাদেশে পোশাক শিল্পের মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে কারখানা চালু করেছেন বলেও সুইডেনের প্রধানমন্ত্রীকে জানান শেখ হাসিনা।
দুই দেশের করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিও উভয় নেতার আলোচনায় উঠে আসে বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, উভয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
